বার্মিংহামে ‘ব্যাটসম্যান’ মাশরাফির ঝলক
তিনি বাংলাদেশের পেস বোলিংয়ে অন্যতম ভরসা। বাংলাদেশ দলের মূল কান্ডারি মাশরাফি বিন মুর্তজার কথাই বলা হচ্ছে। বল হাতে তিনি দলকে বহু সাফল্য এনে দিয়েছেন। ব্যাট হাতেও যে প্রয়োজনের সময় দৃঢ়তা দেখাতে পারেন, তাও তিনি প্রমাণ করেছেন বহুবার। চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে চমৎকার একটি ইনিংস খেলেন তিনি। শেষ দিকে এসে আরেক পেসার তাসকিন আহমেদের সঙ্গে দারুণ দৃঢ়তা দেখিয়ে দলকে সম্মানজনক ইনিংস গড়ে দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন বাংলাদেশ অধিনায়ক।
দলীয় ২১৮ রানের মাথায় বাংলাদেশ যখন ৬ উইকেট হারিয়ে চাপে, তখনই ব্যাট হাতে মাঠে নামেন তিনি। বাংলাদেশের সংগ্রহ বড় হবে না যখন ধরে নিয়েছিল সবাই, ঠিক তখন মাশরাফি মাঠে নেমে ২৫ বলে ৩০ রানের সময়োপযোগী একটা ইনিংস খেলে দলকে চ্যালেঞ্জিং ভিত গড়ে দেন। তিনি সে সময় ব্যাট হাতে দৃঢ়তা দেখাতে না পারলে বাংলাদেশের পক্ষে মোটেও সম্ভব হতো না এই ইনিংস এই গড়া।
তামিম-মুশফিক বাদে বাংলাদেশের অন্য টপঅর্ডার ব্যাটসম্যানরা যখন নিজেদের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হন, তখন মাশরাফি মাঠে নেমে বুঝিতে দেন প্রয়োজনের সময় চেষ্টা করলে ভালো কিছু করা অসম্ভব নয়। তা তিনি করে দেখিয়েছেনও। এর আগেও বহুবার নিজের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। তাই কেউ কেউ বলেও থাকেন, চোটমুক্ত থেকে ঠিকভাবে যদি তিনি খেলতে পারতেন— তাহলে বিশ্বসেরা অলরাউন্ডারদের কাতারে থাকতে পারতেন তিনি।
তামিমের ৭০ ও মুশফিকের ৬১ রানের ওপর ভর করে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয়েছে ২৬৪ রান। শেষপর্যায়ে মাশরাফি এসে খেলেছেন ৩০ রানের অধিনায়কোচিত ইনিংস। ভারতকে এই রানের মধ্যে আটকে রাখতে হলে আজ জ্বলে উঠতে হবে বাংলাদেশের বোলারদের।

ক্রীড়া প্রতিবেদক