কুম্বলের ছেড়ে যাওয়া সিংহাসনে কে বসছেন?
অধিনায়কের সঙ্গে দ্বন্দ্বের কারণে ভারতীয় কোচের পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছে অনিল কুম্বলে। কোহলিরা এখন ওয়েস্ট ইন্ডজ সফরে আছেন কোচ ছাড়াই। এর মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে কে হচ্ছেন ভারতীয় দলের পরবর্তী কোচ। অবশ্য বিসিসিআই কিছুদিন আগে নতুন কোচের জন্য বিজ্ঞপ্তিও দিয়েছে। ভারতীয় দলের নতুন কোচের তালিকায় আছেন বেশ কয়েকজনের নাম। তাদের মধ্যে উল্লেখযোগ্য হিসেবে আছেন সাবেক ভারতীয় তারকা ব্যাটসম্যান বিরেন্দর শেবাগ।
অবশ্য মাত্র দুই লাইনের সিভি পাঠিয়ে বেশ আলোচনায় এসেছেন শেবাগ। তবে তাঁর প্লাস পয়েন্ট হচ্ছে ড্রেসিংরুমের ফুরফুরে মেজাজ নিয়ে আসতে পারেন। আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের মেন্টরের দায়িত্বে থেকে সেটা তিনি প্রমাণও করেছেন। তবে তাঁর সবচেয়ে বড় নেতিবাচক দিক হলো, যেকোনো ইস্যুতে আগ বাড়িয়ে কথা বলা। এটি তাঁর কোচ হওয়ারে ক্ষেত্রে বড় বাধা হতে পারে। তা ছাড়া দলের শৃঙ্খলা বজায় রাখতে তিনি কতটা কঠোর হতে পারবেন, তা নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন।
শেবাগ ছাড়া ভারতীয় দলের কোচ হওয়ার দৌড়ে আছেন শ্রীলঙ্কার সাবেক কোচ টম মুডি ও বাংলাদেশের সাবেক কোচ রিচার্ড পাইবাস। এ ছাড়া ভারতীয় লালচাঁদ রাজপুত ও ডোড্ডা গণেশও এই তালিকায় আছেন।
হিন্দুস্থান টাইমস জানিয়েছে, বিসিসিআই কোচের পদের জন্য নতুন করে আবার আবেদন চেয়েছে। তাই এই তালিকায় যোগ হতে পারে নতুন কারো নাম।
শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী ও বিভিএস লক্ষণকে নিয়ে গঠিত তিন সদস্যের উপদেষ্টা কমিটি নতুন কোচ নির্বাচনের দায়িত্বে থাকবেন। এই কমিটির অধীনেই নির্বাচিত হয়েছিলেন কুম্বলে।

ক্রীড়া প্রতিবেদক