মেসির বিয়ের অনুষ্ঠান নিয়ে বিতর্ক!
আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তাঁর দীর্ঘদিনের বান্ধবী আন্তোনেলা রক্কুজ্জোকের সঙ্গে। আগামীকাল শুক্রবার আর্জেন্টিনার রোজারিওতে হচ্ছে বার্সেলোনা তারকার বিয়ের অনুষ্ঠান। তাঁর রাজকীয় বিয়ের অনুষ্ঠান যে বিলাসবহুল হোটেলে হচ্ছে তার চারদিক রয়েছে অপরাধের সাম্রাজ্য। কেন ঠিক এই অঞ্চলে মেসি বিয়ে করতে চলছেন, তা নিয়ে স্থানীয় বাসিন্দারা অনেকেই প্রশ্ন তুলেছেন।
গত পাঁচ বছরে এখানে নিহত হয়েছে এক হাজারেরও বেশি মানুষ। তা ছাড়া গত এক বছরে প্রতি লাখে গড়ে সাতটি করে খুনের ঘটনা ঘটেছে। মেসির বিয়ে যে হোটেলে, সেই সিটি সেন্টার কমপ্লেক্সের ঠিক পেছনেই কুখ্যাত ড্রাগ মাফিয়া চক্র লস মনোসের অবস্থান। রোজারিওর প্রকৃত ক্ষমতাই এই গ্যাং গ্রুপের হাতে।
মেসির বিয়েতে যোগ দিতে রোজারিওতে এরই মধ্যে হাজির হচ্ছেন অনেক তারকা ফুটবলার, বহু সেলিব্রিটি অতিথি। যাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকছেই। অবশ্য মেসি নাকি নিরাপত্তার দায়িত্ব দিয়েছেন অবসরপ্রাপ্ত এক আর্জেন্টাইন সামরিক অফিসারের হাতে। ২০০ নিরাপত্তকর্মী হোটেল ঘিরে থাকবে।
মেসি ও আন্তোনেলা, দুজনেই একসঙ্গে রোজারিওতে শৈশব কাটিয়েছেন। তাই বিয়ের দিনটায় তাঁরা ফিরে যেতে চেয়েছেন নিজেদের কৈশোরে। কিন্তু স্থানীয় মানুষ এর পেছনে কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না। যা নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক।

ক্রীড়া প্রতিবেদক