বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ জয়াবর্ধনে
নিজের চোখেই ক্রিকেটে বাংলাদেশের উত্থান দিখেছেন মাহেলা জয়াবর্ধনে। আন্তর্জাতিক ক্রিকেট শেষে লঙ্কান এই ক্রিকেটার এখন কোচের দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল খুলনা টাইটানসের কোচ তিনি। বিপিএল শুরু না হলেও প্রস্তুতি নিতে বাংলাদেশে চলে এসেছেন মাহেলা। জানালেন, খুলনার হয়ে এবার শিরোপা জিততে চান তিনি। এ ছাড়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সম্পর্কে দারুণ সব মন্তব্যও করলেন এই লঙ্কান কিংবদন্তি ব্যাটসম্যান।
মাহেলা জয়াবর্ধনের চোখে বাংলাদেশ এখন বড় দল। তিনি মনে করেন, সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে বাংলাদেশ আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। সাবেক এই ক্রিকেটার বলেন, ‘নিশ্চিতভাবে অনেক উন্নতি করেছে বাংলাদেশ। গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ভালো খেলে যাচ্ছে দলটি। দলটিতে দারুণ কিছু তরুণ ক্রিকেটার রয়েছেন। অনেকদিন ধরেই একসঙ্গে খেলছেন তাঁরা।’
এর ফাঁকে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে শ্রীলঙ্কার অবদানের কথাও মনে করিয়ে দেন মাহেলা জয়াবর্ধনে। তিনি বলেন, ‘চন্ডিকা হাথুরুসিংহেসহ বাংলাদেশের কোচিং স্টাফদের বেশির ভাগই শ্রীলঙ্কার। তাঁদের পরিশ্রম অনেক বড় পার্থক্য গড়ে দিয়েছে। এ কারণে আমরা সামান্য কৃতিত্ব তো নিতেই পারি।’
মাহেলা জয়াবর্ধনে বাংলাদেশকে যে খুবই পছন্দ করেন সেটিও খেলামেলাভাবে জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘আমি বাংলাদেশকে খুবই পছন্দ করি। এই দেশটি আমার হৃদয়ের খুব কাছে। জাতীয় পর্যায়ে আমার প্রথম সফর ছিল বাংলাদেশেই। ১৯৯৪ সালে এসেছিলাম শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে বাংলাদেশে। সেটিই ছিল আমার প্রথম সফর।
এখানে বিশ্বকাপ জয়ের দারুণ স্মৃতিও আছে। ভারতের বিপক্ষে ফাইনালে মনে হচ্ছিল দেশের মাটিতেই খেলছি আমরা।’

স্পোর্টস ডেস্ক