অস্ট্রেলিয়াকে হারাতে আশাবাদী সাকিবও
বেশ কিছুদিন আগে বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজে ২-০ ব্যবধানে জয়ের আশাবাদ দেখিয়েছিলেন। বিশ্বের অন্যতম পরাশক্তি দলের বিপক্ষে এই সাফল্য পাওয়া সম্ভব কি না, তা নিয়ে কম আলোচনা-সমালোচনা হয়নি। অবশ্য কোচের সে কথার সঙ্গে একমত পোষণ করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাঁরও বিশ্বাস স্মিথদের বিপক্ষে সাফল্য পাওয়া সম্ভব।
আজ বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বড় আশাবাদের কথা শুনিয়েছেন সাকিব। তিনি বলেন, ‘আমারও বিশ্বাস অস্ট্রেলিয়ার বিপক্ষে সাফল্য পাওয়া সম্ভব। সেই সামর্থ্য আমাদের আছে। দুই টেস্টেই জয় পেতে চাই আমরা।’
গত বছর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে বেন স্টোকসের উইকেট নিয়ে ‘স্যালুট’ উদযাপন করেছিলেন সাকিব। এবারও এমন উদযাপন দেখা যাবে কি না এমন এক প্রশ্নের জবাবে বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, ‘আসলে পরিস্থিতির ওপর নির্ভর করে উদযাপনের সুযোগ আসে। আর তার আগে পেতে হবে উইকেট। তা ছাড়া এবার কাউকে টার্গেট করে খেলতে নামছি না।’
তবে বাংলাদেশের স্পিন আক্রমণকে খুবই শক্তিশালী মনে করছেন সাকিব। অস্ট্রেলিয়ার চেয়েও এগিয়ে রেখেছেন, ‘ঘরের মাঠে আমাদের স্পিন আক্রমণ খুবই ভালো। বিশেষ করে তাইজুল-মিরাজ দুজনই ভালো বল করছে। আমার বিশ্বাস ম্যাচ জেতাতে তারা বড় ভূমিকা রাখতে পারে। তাই এই বিভাগে অস্ট্রেলিয়ার ছেয়েও আমরা এগিয়ে আছি।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট হবে আগামী ২৭-৩১ আগস্ট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এরপর ৪-৮ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

ক্রীড়া প্রতিবেদক