দুই ম্যাচ নিষিদ্ধ থারাঙ্গা
শ্রীলঙ্কা ক্রিকেট দলের অবস্থার দিন দিন খারাপের দিকে যাচ্ছে। সর্বশেষ ম্যাচে ভারতের বিপক্ষে জিততে গিয়েও শেষ পর্যন্ত হার বরণ করতে হয়েছে। এদিকে স্লো ওভার রেটের কারণে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন দেশটির অধিনায়ক উপুল থারাঙ্গা। লঙ্কান ওপেনারের জায়গায় তৃতীয় ওয়ানডের দলে ফেরানো হয়েছে থিরিমান্নে ও দীনেশ চান্দিমালকে।
ক্যান্ডিতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নির্দিষ্ট সময়ের অনেক বেশি সময় নিয়ে বোলিং ইনিংস শেষ করেছেন থারাঙ্গা। তাই ম্যাচ শেষে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট থারাঙ্গার বিপক্ষে এই শাস্তির সিদ্ধান্ত নেন। এর আগে গত জুন মাসে চ্যাম্পিয়ন ট্রফিতেও স্লো ওভার রেটের কারণে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন লঙ্কান অধিনায়ক।
থারাঙ্গার বদলে দলে ফেরানো হয়েছে টেস্ট অধিনায়ক দীনেশ চান্ডিমালকে। তবে পরের দুটি ওয়ানডেতে লঙ্কানদের নেতৃত্ব দেবেন কে, সেটা জানায়নি দেশটির ক্রিকেট বোর্ড। এ ছাড়া দানুশকা গুনাথিলাকার বদলে দলে নেওয়া হয়েছে লাহিরু থিরিমান্নেকে।
আগামী রোববার সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নামবে ভারত ও শ্রীলঙ্কা। পাঁচ ম্যাচ সিরিজের আগের দুটিতে জিতেছে কোহলির দল। ক্যান্ডিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে তিন উইকেটে জিতেছে ভারত। মিলিন্দা সিরিবর্ধনের ৫৮, চামারা কাপুগেদারার ৪০, নিরোশান ডিকওয়েলার ৩১ রানের ইনিংসগুলোতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে শ্রীলঙ্কা সংগ্রহ করেছিল ২৩৬ রান। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ভারতের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪৭ ওভারে ২৩১ রান।
উদ্বোধনী জুটিতে ১০৯ রান তুলে জয়ের পথেই ছিল ভারত। তবে আকিলা ধনঞ্জয়ের দুর্দান্ত বোলিংয়ে বিপদে পড়ে যায় কোহলিরা। ৬ উইকেটে নেন এই লেগ স্পিনার। তবে অষ্টম উইকেটে ভুবনেশ্বর কুমারকে সঙ্গে নিয়ে ১০০ রানের জুটি গড়ে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন ধোনি। ভুবনেশ্বর ৫৩ ও ধোনি ৪৫ রান করে অপরাজিত থাকেন।

স্পোর্টস ডেস্ক