কার গায়ে শচীনের ১০ নম্বর জার্সি!
কোথায় শচীন টেন্ডুলকার আর কোথায় শারদুল ঠাকুর। ক্রিকেটকে অন্য একপর্যায়ে নিয়ে গিয়ে ক্যারিয়ার শেষ করেছেন শচীন। আর শারদুল ঠাকুরের কেবল অভিষেক হলো। কোনোভাবেই দুজনের তুলনা চলে না। তবে একটা জায়গায় শচীনের সঙ্গে তুলনায় চলে আসলেন এই পেসার। দুজনের জার্সি নম্বরই যে ১০!
১০ নম্বর জার্সিতে খেলেই ওয়ানডে ক্যারিয়ার শেষ করেন শচীন টেন্ডুলকার। এর আগে অবশ্য ৩৩ ও ৯৯ নম্বর জার্সিতেও খেলেছেন ভারতের ক্রিকেট ঈশ্বর। তবে ১০ নম্বর জার্সির মর্যাদাটা ভারতীয়দের কাছে অন্যরকমই। এই জার্সি পরেই শততম সেঞ্চুরি ও ওয়ানডেতে প্রথম ডাবল সেঞ্চুরি করেন শচীন। সেই কারণে এই জার্সিটার সঙ্গে ভারতীয়দের আলাদা একটা সম্পর্ক রয়েছে। সম্প্রতি শচীনের সেই বিখ্যাত ১০ নম্বর জার্সিটি শারদুল ঠাকুরের হাতে তুলে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আর এটা করে দারুণ সমালোচনা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডটির।
শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে ১০ নম্বর জার্সি পরে মাঠে নামেন শারদুল ঠাকুর। তবে বিষয়টি মেনে নিতে পারেননি ভারতীয় সমর্থকরা। টুইটার, ফেসবুকে ভারতীয় ক্রিকেট বোর্ড ও শারদুল ঠাকুরকে ধুয়ে দিয়েছেন তাঁরা।
গৌরব শর্মা নামে একজন টুইটারে লিখেছেন, ‘শারদুল ঠাকুর, দশ নম্বর জার্সিটি তুমি আর গায়ে জড়িও না। শচীনের জন্যই এটা রেখে দাও। কী, তুমি শুনতে পাচ্ছো তো?’
নবীন বলেন, ‘বিসিসিআইয়ের কাছে আবেদন, শারদুলের কাছ থেকে জার্সিটি তুলে নিন। কারণ ১০ কেবল একটি নম্বরই নয়, একটি আবেগের নামও।’
প্রত্যুষ গারা নামে একজন বলেন, ‘বিসিসিআই, আমি ভেবেছিলাম শচীনের অবসরের সঙ্গে ১০ নম্বর জার্সিটিও হয়তো অবসরে গিয়েছে। তাহলে শারদুল ঠাকুরের কাছে ওটা কীভাবে গেল। এটা ঠিক নয়।’
বরুণ লিখেছেন, ‘শারদুল ঠাকুর ১০ নম্বর জার্সি পরে খেলছেন! এটা মেনে নেওয়া যায় না। শচীন ছাড়া কারো গায়ে এই জার্সিটি কল্পনাও করতে পারি না। তবে এ নিয়ে এখনো ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।’

স্পোর্টস ডেস্ক