অস্ট্রেলিয়াকে জয়ের মন্ত্র দিলেন মার্ক টেলর
ঢাকা টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ একটি জয় পেয়েছিল বাংলাদেশ। এগারো সেশনের প্রায় নয়টিতেই আধিপত্য দেখিয়েছেন সাকিব-তামিমরা। প্রথম ম্যাচটা হারায় অস্ট্রেলিয়ার সামনে এখন হোয়াইটওয়াশের শঙ্কা। টাইগারদের বিপক্ষে সিরিজ হারলে বাংলাদেশের কাছে প্রথম ও ইতিহাসে ষষ্ঠবার হোয়াইটওয়াশ হবে অসিরা। স্বাভাবিক কারণে চট্টগ্রামে হার এড়াতে চাইবে সফরকারী দলটি। দলের এমন বিপদের দিনে এগিয়ে এলেন দেশটির সাবেক অধিনায়ক মার্ক টেলর।
ক্রিকেটে অস্ট্রেলীয় সাম্রাজ্যবাদের অন্যতম প্রতিষ্ঠাতা মনে করা হয় এই মার্ক টেলরকে। ৫০ ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়ে হেরেছেন মাত্র ১৩টিতে। উত্তরসূরিদের বিপদে এগিয়ে এলেন সাবেক এই নেতা। স্মিথ-ওয়ার্নারদের জয়ের মন্ত্রটা শিখিয়ে দিলেন এই ক্রিকেটার।
অসি ব্যাটসম্যানদের উদ্দেশে মার্ক টেলর বলেন, ‘আমি জানি দলটা এখন ভালো অবস্থায় নেই। তবে ভালো করার সকল কিছুই তাদের মধ্যে রয়েছে। এখন একটা রাস্তা বের করতে হবে যেটা ২০০১ সালে ভারত সফরে ম্যাথু হেইডেন করেছিলেন।’
২০০১ সালে ভারতের বিপক্ষে টেস্ট সিজের পরই বদলে যায় ম্যাথু হেইডেনের ক্যারিয়ার। এর আগে ১৩ টেস্টে মাত্র একটি শতক করা হেইডেন বদলে যান ভারত সফরে এসে। সেবার ভারতের স্পিনারদের বিপক্ষে একাই লড়াই করেছিলেন তিনি। সাবেক এই ওপেনারের উদাহরণ টানতে গিয়ে টেলর বলেন, ‘সেবার ভারতীয় স্পিনারদের বিপক্ষে সুইপ করে বেশ সফল হয়েছিল সে। আমার মনে হয় উসমান খাজার ক্ষেত্রে এটা কাজে লাগবে।’
মার্ক টেলর আরো বলেন, ‘মাঠে স্পিনারদের খেলার ক্ষেত্রে একজন ব্যাটসম্যানের আগে থেকেই কিছু সিদ্ধান্ত নেওয়া থাকে। তুমি যদি প্রথমবার এমন অভিজ্ঞতার মুখোমুখি হও, তাহলে নার্ভাস থাকবে, এটাই স্বাভাবিক। অস্ট্রেলিয়ার এই দলটা ওখানে (বাংলাদেশে) গিয়ে খেলেনি। ওখানকার পিচও আমাদের মতো দ্রুত ও সহজ নয়। অস্ট্রেলিয়া হিসেবে সেখানে খেলা মুশকিল। ব্যাটসম্যান হিসেবে নিজের প্রথম ১০টা রান নিশ্চিত করো। এমনটা করতে পারলে ব্যাটিং করাটা খুবই সহজ হয়ে যাবে সেখানে।’

স্পোর্টস ডেস্ক