উল্টো বাংলাদেশকেই ভয় দেখাচ্ছেন ইয়ান চ্যাপেল!
সর্বশেষ ২৪ টেস্টে জয় মাত্র দুই ম্যাচে। হেরেছে ১৭ ম্যাচে। এই উপমহাদেশে অস্ট্রেলিয়ার জয়-পরাজয়ের পরিসংখ্যান এটি। স্টিভ ওয়াহ, রিকি পন্টিং, মাইকেল ক্লার্কের অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়া দল নাকানিচুবানি খেয়েছে স্পিনিং ও ধীরগতির উইকেটে। বাংলাদেশে আসার আগেও শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হয়েছে, হেরেছে ভারতের কাছেও। এবার সাকিব-মিরাজদের স্পিনের বিপক্ষে খেলতে নাভিশ্বাস উঠেছে দলটির। মিরপুরে ২০ রানে হেরেছে টেস্টে সবচেয়ে বেশি জয় পাওয়া দলটি। দ্বিতীয় টেস্টেও অসিদের হার দেখছেন অনেকে। তবে এই দলে নন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ইয়ান চ্যাপেল। উল্টো বাংলাদেশকেই ভয় দেখালেন সাবেক এই অসি অধিনায়ক। জানালেন, অস্ট্রেলিয়া এখন আহত বাঘের মতো। সুযোগ পেলে বাংলাদেশকে কামড়াতে বিন্দুমাত্র সময় নেবে না তারা।
ক্রিকইনফোতে লেখা এক কলামে ইয়ান চ্যাপেল বলেন, ‘বাংলাদেশের অর্জনকে খাটো করে দেখার সুযোগ নেই। ক্রিকেটে বড় দলগুলোর বিপক্ষে দারুণ লড়াই করছে তাঁরা। তবে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই বাংলাদেশের। কারণ আহত এই অস্ট্রেলিয়া আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। হারের বদলা নিতে খুব বেশি সময় নেবে না তারা। এ ছাড়া অ্যাশেজের কারণেও তেঁতে আছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটায় নিজেদের প্রমাণ করতে তাঁরা এই ম্যাচটায় যেকোনোভাবে জিততে চাইবে।’
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে হারের কারণ হিসেবে ক্রিকেট থেকে দূরে থাকা ও পর্যাপ্ত প্রস্তুতি ম্যাচ না খেলাকে দায়ী করলেন অস্ট্রেলিয়ার হয়ে ৩০ ম্যাচে অধিনায়কত্ব করা ইয়ান চ্যাপেল। তিনি বলেন, ‘ম্যাচ না খেলে কেবল অনুশীলন করে ম্যাচ জিততে পারবেন না আপনি। নেট প্র্যাকটিসে আপনি যত ভালো ব্যাটিং-বোলিংই করুন না কেন, এটা আপনার রেকর্ডে থাকবে না। এই দলটা সিরিজের আগে খুব বেশি ম্যাচ খেলেনি। ডারউইনে একটি প্রস্তুতি ম্যাচ খেলে এসে জয়ের চিন্তা করাটা বাড়াবাড়ি।’
চ্যাপেলের মতে, ম্যাচ প্র্যাকটিসের অভাবটা প্রথম টেস্টে পুষিয়ে নিয়েছেন ওয়ার্নার-স্মিথরা। দ্বিতীয় টেস্টে জেগে উঠবে অস্ট্রেলিয়া। সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট।

স্পোর্টস ডেস্ক