তিন পেসার নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ঘরের মাটিতে বাংলাদেশ এখন যথেষ্টই শক্তিশালী দল, যা বাংলাদেশ সফরে এসে হাড়ে হাড়ে টের পেয়েছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দলগুলো। এবার বিদেশের মাটিতে নিজেদের সক্ষমতা প্রমাণের পালা বাংলাদেশের। সেই মিশন নিয়েই টাইগাররা শুরু করছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ। আজ প্রথম টেস্টের শুরুতেই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম।
দক্ষিণ আফ্রিকায় দুই ম্যাচের টেস্ট সিরিজে যে পেসাররাই আলোচনার কেন্দ্রে থাকবেন, তা বোঝা গিয়েছিল তিন দিনের প্রস্তুতি ম্যাচেই। আজ থেকে শুরু হওয়া প্রথম টেস্টেও বাংলাদেশ দল সাজিয়েছে তিনজন পেসার নিয়ে। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদের সঙ্গে আছেন অভিজ্ঞ পেসার শফিউল ইসলাম।
ব্যাটিং অর্ডারেও এসেছে বেশ কিছু পরিবর্তন। বাদ পড়েছেন ওপেনার সৌম্য সরকার। তামিম ইকবালের সঙ্গে ব্যাটিংয়ের সূচনা করতে দেখা যাবে ইমরুল কায়েসকে। দলে ফিরেছেন মুমিনুল হক ও মাহমুদউল্লাহ। স্পেশালিস্ট উইকেটরক্ষক হিসেবে দলে নেওয়া হয়েছে লিটন দাসকে।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

স্পোর্টস ডেস্ক