ছয় ম্যাচ নিষিদ্ধ গুনাথিলাকা
অনেকেই তাঁকে সনাথ জয়সুরিয়ার উত্তরসূরি মনে করেন। ব্যাট হাতেও এরই মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন দানুশকা গুনাথিলাকা। ওয়ানডেতে শ্রীলঙ্কা দলের উদ্বোধনী জুটিতে অন্যতম ভরসা বাঁহাতি এই ব্যাটসম্যান। প্রতিভা নিয়ে প্রশ্ন না থাকলেও নিয়ম মানার ক্ষেত্রে মোটেও মনোযোগী নন এই ক্রিকেটার। আর আচরণেও সমস্যা রয়েছে তাঁর। এ কারণে তাঁকে ছয় ম্যাচ নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। অনুশীলনে দেরি করে আসা ও সতীর্থের সঙ্গে বচসায় লিপ্ত হওয়ার কারণেই এমন শাস্তি পেলেন তিনি।
গত ভারত সিরিজের সময় একটি ট্রেনিং সেশন মিস করেন দানুশকা গুনাথিলাকা। এ ছাড়া অনুশীলনে এক সতীর্থের সঙ্গে বাজে আচরণ করেন তিনি। এরপরই গুনাথিলাকাকে ডেকে পাঠায় বোর্ড ঘোষিত তদন্ত কমিটি। কমিটির সামনে নিজের অপরাধের কথা স্বীকার করেছেন বাঁহাতি এই ওপেনার। এরপরই তাঁর বিরুদ্ধে ছয় ম্যাচের নিষিধাজ্ঞা জারি করল শ্রীলঙ্কা ক্রিকেট। এ ছাড়া আরেক ক্রিকেটারকে সতর্ক করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
শ্রীলঙ্কা ক্রিকেট দলের ম্যানেজার আসাঙ্কা গুরুসিনহা বলেছেন, ‘দানুশকা অপরাধ করেছেন। তাই তাঁকে ছয় ম্যাচ দলের বাইরে রাখতে নির্বাচকদের নির্দেশ দিয়েছে বোর্ড। শৃঙ্খলাজনিত কারণতার বিপক্ষে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ এ বছর দুর্দান্ত পারফর্ম করেছেন এই ব্যাটসম্যান। গড়টাও চল্লিশের বেশি।
২৮ ম্যাচে ৩২ গড়ে ৮৮৬ রান করেছের দানুশকা গুনাথিলাকা। একটি সেঞ্চুরি ও সাতটি হাফ সেঞ্চুরি রয়েছে এই ব্যাটসম্যানের নামের পাশে। ছয় ম্যাচ নিষিদ্ধ হওয়ায় পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না তিনি।

স্পোর্টস ডেস্ক