বাংলাদেশে নয়, বিশ্বকাপ বাছাই জিম্বাবুয়েতে
২০১৯ বিশ্বকাপ ক্রিকেটের মূল পর্ব বসছে ইংল্যান্ডে। আসরটির বছাই পর্ব বাংলাদেশে হওয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় আয়োজক হিসেবে নতুন দেশ বেছে নিয়েছে আইসিসি। জিম্বাবুয়েতে হবে পরবর্তী বিশ্বকাপের বাছাই পর্ব।
২০১৮ সালের মার্চে শুরু হবে বিশ্বকাপের বাছাই পর্ব। এই পর্বে অংশ নেবে ১০ দল। র্যাংকিংয়ের নিচের দিকে থাকা টেস্ট মর্যাদা পাওয়া চার দল এবং আইসিসি ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপ থেকে আসবে চার দল। আর ওয়ার্ল্ড ক্রিকেট লিগের দ্বিতীয় বিভাগ থেকে বাছাই পর্বে খেলবে দুই দল।
ম্যাচগুলো হবে হারারে স্পোর্টস ক্লাব, কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়ে ও অ্যাথলেটিক ক্লাব মাঠে।
২০১৭ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে র্যাংকিংয়ে সেরা আটের মধ্যে থাকতে না পারায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপ বাছাইয়ে খেলতে হচ্ছে। এদের সঙ্গে খেলতে হচ্ছে জিম্বাবুয়ে এবং টেস্ট স্ট্যাটাস পাওয়া দুই নবীন দেশ আফগানিস্তান ও আয়ারল্যান্ডকেও।
সে সময়ে র্যাংকিংয়ে সপ্তম স্থানে থাকায় বাংলাদেশকে বিশ্বকাপ বাছাই পর্বে খেলতে হচ্ছে না। অবশ্য ওয়ানডেতে বেশ কিছুদিন ধরেই দারুণ খেলছে বাংলাদেশ। গত চ্যাম্পিয়নস ট্রফিতে শেষ চারে জায়গা করে নিয়েছিলেন মাশরাফিরা।

ক্রীড়া প্রতিবেদক