নেই তামিম-নাসির, ফিরলেন সৌম্য-মিরাজ
আগেই সিরিজ নিশ্চিত হওয়ায় এখন বেশ ফুরফুরে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে বাংলাদেশের ওপর পাহাড়সম চাপ। যেকোনো মূল্যে তৃতীয় ওয়ানডেটা জিততে চায় টাইগাররা। তবে বাঁচা-মরার এমন ম্যাচে দলে নেই তামিম ইকবাল। তামিম যে থাকছেন না, সেটা আগেই জানা গিয়েছিল। ঊরুতে চোট পেয়ে দক্ষিণ আফ্রিকা সফরের দল থেকে বাদ পড়ে গেছেন টাইগার ওপেনার। তাঁর পরিবর্তে দলে জায়গা পেয়েছেন সৌম্য সরকার। এদিকে, তৃতীয় ম্যাচের দলে আরেকটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। নাসির হোসেনের বদলে দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ।
এবারের দক্ষিণ আফ্রিকা সফরে বলার মতো কোনো পারফরম্যান্স করেননি নাসির হোসেন। দুই ম্যাচে করেছেন মাত্র ১৪ রান। বল হাতে একটি উইকেটও পাননি এই অলরাউন্ডার। তৃতীয় ম্যাচে তাই তাঁকে বাদ দিতে দ্বিতীয়বার ভাবেননি নির্বাচকরা। দলে ফেরানো হয়েছে মেহেদী হাসান মিরাজকে।
টেস্ট সিরিজে হতাশ করেছিলেন সৌম্য সরকার। শেষ টেস্টের দুই ইনিংস মিলিয়ে করেন ১২ রান। তাঁকে দলে ফেরানোর কথা ছিল না। তবে তামিম ইনজুরিতে পড়ায় অনেকটা বাধ্য হয়েই সৌম্যর দ্বারস্থ হন নির্বাচকরা।
তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে দক্ষিণ আফ্রিকা। বিশ্রাম দেওয়া হয়েছে হাশিম আমলা, জেপি ডুমিনি ও ডোয়াইন প্রিটেরিয়াসকে। তাঁদের বদলে নেওয়া হয়েছে এইডেন মার্করাম, টেম্বা বাভুমা ও ওয়াইন মুল্ডারকে। মার্করামের এটি অভিষেক ওয়ানডে আর ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামছেন বাভুমা।
বাংলাদেশ একাদশ : সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।
দক্ষিণ আফ্রিকা একাদশ : কুইন্টন ডি কক, এইডেন মার্করাম, ফাফ দু প্লেসি, এবি ডি ভিলিয়ার্স, ফারহান বেহারডিন, টেম্বা বাভুমা, ওয়াইন মুল্ডার, অ্যানদিলে ফেলুকায়ো, কাগিসো রাবাদা, ডেন প্যাটারসন ও ইমরান তাহির।

স্পোর্টস ডেস্ক