দ্রুততম সময়ে অশ্বিনের ট্রিপল সেঞ্চুরি
এই টেস্টে মাঠে নামার আগে অশ্বিনের উইকেট সংখ্যা ছিল ২৯২। কাকতালীয় কিছু না ঘটলে শ্রীলঙ্কার বিপক্ষেই অশ্বিন যে ডেনিশ লিলির রেকর্ডটা ভাঙবেন, সেটা নিয়ে কারোরই সন্দেহ ছিল না। প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পর অশ্বিনের উইকেট সংখ্যা দাঁড়ায় ২৯৬। আর চারটি হলেই সবাইকে ছাড়িয়ে দ্রুততম সময়ে ট্রিপল সেঞ্চুরির রেকর্ডটা অশ্বিনের হবে। তবে চতুর্থ দিন সকালে জাদেজা আর উমেশ যাদবের কারণে একটিও উইকেট পেলেন না। দাশুন শানাকাকে ফিরিয়ে প্রথম উইকেটটি এলো দিনের ২৬তম ওভারে।
দিলরুয়ান পেরেরা ও রঙ্গনা হেরাথকে ফিরিয়ে ২৯৯-তে পৌঁছে যান অশ্বিন। তবে শেষ উইকেট কিছুতেই আসছিল না। চান্দিমালকে ফিরিয়ে ভারতকে জয়ের সুবাস দেন উমেশ যাদব, সেই সঙ্গে নাগপুরের সমর্থকদের মনে ভীতিও ছড়িয়ে দেন এই পেসার। তাহলে কি এই টেস্টে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁতে পারবেন না অশ্বিন?
ইনিংসের ৫০তম ওভারটি করছিলেন অশ্বিন। তৃতীয় বলটি লাহিরু হামাগের ব্যাট ফাঁকি দিয়ে স্টাম্পে আঘাত করে। এরই সঙ্গে মাইলফলকে নিজের নাম লেখান এই ভারতীয় স্পিনার। ৫৪তম টেস্টেই পেলেন ৩০০ উইকেট। টেস্ট ক্রিকেটে এমন কীর্তি নেই আর কারো। দ্রুততম সময়ে ৩০০ উইকেট শিকারের কীর্তিটি আগে ছিল ডেনিস লিলির দখলে। ৩০০ উইকেট নিতে তাঁকে খেলতে হয়েছিল ৫৬টি টেস্ট।
১৯৮১ সালের ২৭ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ব্রিসবেনে দ্রুততম তিনশ উইকেটের রেকর্ড গড়েছিলেন ডেনিস লিলি। ভাগ্যের কী খেলা, সেই ২৭ নভেম্বরেই লিলির তিন যুগ আগের রেকর্ডটি ভেঙে দিলেন অশ্বিন। তিনশ উইকেট নিতে কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরনকে খেলতে হয়েছে ৫৮টি টেস্ট। এর আগে দ্রুততম সময়ে ২৫০ উইকেট নেওয়ার বেলায়ও লিলির রেকর্ড ভাঙেন অশ্বিন। ৪৮ টেস্টে ২৫০ উইকেট নেন অসি কিংবদন্তি, তিন টেস্ট কম খেলেই রেকর্ডটা ভেঙে দেন অশ্বিন।
২০১১ সালের নভেম্বরে অভিষেকের পর দ্রুতই ভারতের অন্যতম ভরসার নাম হয়ে ওঠেন অশ্বিন। নবম টেস্টে নেন ৫০তম উইকেট। বিশ্বরেকর্ডটা চার্লস টার্নারের। ছয় টেস্টেই ৫০ উইকেট নেন এই বোলার। পরের ৫০ উইকেট নিতে অশ্বিন খেলেন আর নয়টি টেস্ট। ২৯তম টেস্টে নেন ১৫০তম উইকেট। পরের আট টেস্টে নেন আরো ৫০ উইকেট। দ্রুততম সময়ে দুইশ উইকেট নেওয়া দ্বিতীয় বোলার হন এই ভারতীয়। ৩৬ টেস্টে ক্ল্যারি গ্রিমেট নিয়েছেন দুইশ উইকেট। সেখানে অশ্বিনকে খেলতে হয় ৩৭টি টেস্ট। পরের ৫০টি উইকেট নেন আটটি টেস্টে। তার চেয়ে কম সময়ে এ মাইলফলকে আর কেউ পৌঁছাতে পারেননি। ২৫০-৩০০ উইকেটের মাইলফলক ছুঁতে এই ক্যারম স্পিনার খেলেন নয়টি টেস্ট। সব মিলিয়ে ৫৪তম টেস্টে ৩০০ উইকেট নিলেন ভারতীয় এই বোলার।

স্পোর্টস ডেস্ক