বায়ুদূষণ ও বোলিং ঘূর্ণিতে নাকাল শ্রীলঙ্কা
টেস্টে ভারতের মাটিতে একটিও জয় নেই শ্রীলঙ্কার। রানাতুঙ্গা, ডি সিলভা, জয়সুরিয়া, জয়াবর্ধনে, সাঙ্গাকারারা বারবারই প্রতিবেশী দেশটির বিপক্ষে নাকাল হয়েছেন। চান্দিমাল-ম্যাথিউসদের দুর্বল এই শ্রীলঙ্কা টেস্টে ভারতকে হারাবে এটা স্বপ্নেও ভাবেনি কেউ। দিল্লি টেস্টে সেটা হবেও না। তবে দিল্লির ফিরোজ শাহ কোটলায় ভারতের চেয়ে লঙ্কান ক্রিকেটারদের কাছে প্রবল প্রতিপক্ষ হয়ে ওঠে বায়ুদূষণ। গ্যাস চেম্বার খ্যাত দিল্লির বাতাসে শ্বাস নিতে দারুণ কষ্ট হয়েছে লঙ্কান ক্রিকেটারদের। মাস্ক পরেও রেহাই পাননি তাঁরা। এমন শ্বাসরুদ্ধকর পরিবেশে শ্রীলঙ্কা হারবে তাতে অবাক হওয়ার কিছু নেই।
জয়ের জন্য লঙ্কানেদের সামনে ৪১০ রানের পাহাড়সম লক্ষ্য রাখে ভারত। সেটাতে চড়তে গিয়ে ৩১ রানেই তিন উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। টেস্টের শেষ দিনে জয়ের জন্য লঙ্কানদের চাই ৩৭৩ রান। আর ভারতের দরকার মাত্র ৭ উইকেট। দ্বিতীয়টাই যে সবচেয়ে সহজ সেটা তো সবারই জানা।
চান্দিমাল-ম্যাথিউস বীরত্বে ম্যাচটাতে চতুর্থ দিন পর্যন্ত টেনে আনে শ্রীলঙ্কা। ৯ উইকেটে ৩৫৬ রান নিয়ে খেলতে নামা দলটি চতুর্থ দিনের প্রথম সেশনে যোগ করে মাত্র ১৭ রান। ১৬৩ রানে এগিয়ে থাকা ভারতীয় দল ধাওয়ান, বিরাট কোহলি ও রোহিত শর্মার বিধংসী ব্যাটিংয়ে ৫২ সংগ্রহ করে ২৪৬ রান। ফলে লঙ্কার জয়ের জন্য দরকার হয় ৪১০ রান।
ষষ্ঠ ওভারেই লঙ্কান ইনিংসে আঘাত হানেন মোহাম্মদ শামি। ফিরিয়ে দেন সামারাবিক্রমকে। এরপার করুনারত্নে ও লাকমলকে ফিরিয়ে পুরো দিনটাই ভারতের করে রাখেন রবীন্দ্র জাদেজা। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান চান্দিমাল-ম্যাথিউসরা পঞ্চম দিন ভারতকে কতক্ষণ জয়বঞ্চিত রাখতে পারেন সেটাই এখন দেখার বিষয়।

স্পোর্টস ডেস্ক