কোচকে পাশে পেলেন তামিম
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। অবশ্য শোনা যাচ্ছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেটকে ‘জঘন্য’ বলায় তামিমকে চিঠি দিয়েছে বিসিবি। অবশ্য এ ব্যাপারে কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক পাশে পেয়েছেন দলের কোচ সালাউদ্দিনকে।
আজ মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে সালাউদ্দিন জানিয়েছেন, উইকেট নিয়ে তামিমের বক্তব্য অসত্য নয়।
এ ব্যাপারে কুমিল্লা ভিক্টোরিয়ানসের কোচ বলেন, ‘আমি এখনো জানি না তামিমকে চিঠি দেওয়া হয়েছে কি না। তবে তা যদি ঠিক হয়, তামিম সত্য কথাই বলেছেন। মিথ্যা কিছু তো বলেননি। এ ব্যাপারে আমি তামিমের পাশেই থাকব।’
আর শেরেবাংলার উইকেট সম্পর্কে সালাউদ্দিন বলেন, ‘আসলেই উইকেট খুব একটা ভালো ছিল না। টি-টোয়েন্টি উপযোগী উইকেট ছিল না সেটা। এ ব্যাপারে তামিম সঠিক কথাই বলেছিল।’
গত শনিবার কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ম্যাচে রংপুর রাইডার্স মাত্র ৯৭ রানে অলআউট হয়ে যায়। ম্যাচ শেষে কুমিল্লা অধিনায়ক তামিম এ জন্য উইকেই দুষেছিলেন। তখন তিনি বলেছিলেন উইকেট ছিল ‘জঘন্য’।

ক্রীড়া প্রতিবেদক