মাহমুদউল্লাহদের একাই হারালেন গেইল
তারকাখচিত কোনো দল না খুলনা টাইটানস। মাহমুদউল্লাহর নেতৃত্বে দলীয় সমন্বয়ের প্রদর্শনী দেখিয়েই তারা খেলছে বিপিএলের এলিমিনেটর ম্যাচ। আজ রংপুর রাইডার্সের বিপক্ষে রংপুরের স্কোরবোর্ডটাও হয়ে আছে দলীয় সমন্বয়ের দারুণ এক নজির। কিন্তু বিপক্ষ দলে যদি একজন ক্রিস গেইল থাকেন আর তিনি যদি ব্যাট হাতে দানবীয় মূর্তি ধারণ করেন, তাহলে বিপক্ষ দলে ৫০ জন থাকলেও কোনো লাভ হয় না। এবারের বিপিএলের প্রথম শতক করে খুলনা টাইটানসকে প্রায় একাই হারালেন এই ক্যারিবিয়ান তারকা।
বাঁচামরার এলিমিনেটর ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে খুলনা টাইটানস করেছিল ১৬৭ রান। সেখানে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরটি ছিল মাত্র ২৯ রানের। মোট সাতজন ব্যাটসম্যান গেছেন দুই অঙ্কের ঘরে। ছোট ছোট স্কোরগুলো দিয়েই লড়াইয়ের পুঁজি গড়েছিল মাহমুদউল্লাহর দল।
কিন্তু গেইল-ঝড়ে রীতিমতো খড়কুটোর মতো উড়ে গেল খুলনা টাইটানস। ২৫ রানে দুই উইকেট হারালেও খুলনার বোলারদের আর কোনো সুযোগই দেননি গেইল ও মোহাম্মদ মিথুন। তৃতীয় উইকেটে ১৪৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে রংপুর রাইডার্সকে ফাইনালের পথে আরেক ধাপ এগিয়ে দিয়েছেন এই দুই ব্যাটসম্যান। এর মধ্যে মাত্র ৩০ রান এসেছে এসেছে মিথুনের ব্যাট থেকে।
এবারের বিপিএলে আজকের আগে শতকের খুব কাছাকাছি যেতে পেরেছিলেন একজনই। ৯৫ রান করেছিলেন চিটাগং ভাইকিংসের সিকান্দার রাজা। আজ গেইলের সৌজন্যেই দেখা গেল এবারের আসরের প্রথম শতকটি।
৫১ বলে ১২৬ রানের দানবীয় ইনিংসটি খেলার পথে গেইল মেরেছেন ১৪টি ছয় ও ৬টি চার। ম্যাচের শেষটাও তিনি করেছেন ছয় দিয়ে। বর্ণিল টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি ছিল তাঁর ১৯তম শতক।

স্পোর্টস ডেস্ক