লজ্জার হারে অ্যাশেজ সিরিজও খোয়াল ইংল্যান্ড
অ্যাশেজ সিরিজে ভালোই নাকাল হতে হলো ইংল্যান্ডকে। সিরিজের প্রথম দুটি ম্যাচ হারের পরই তাদের মাথায় চেপে বসেছিল সিরিজ হারানোর শঙ্কা। অ্যাশেজ সিরিজে টিকে থাকতে হলে সিরিজের তৃতীয় ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না ইংল্যান্ডের সামনে। কিন্তু জয় তো দূরের কথা, লজ্জাজনক হার নিয়ে মাঠ ছাড়তে হলো জো রুট, অ্যালিস্টার কুকদের। ৩-০ ব্যবধানে সিরিজ জিতে গেল অস্ট্রেলিয়া।
স্টিভেন স্মিথ, মিচেল মার্শদের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া সংগ্রহ করেছিল ৬৬২ রান। ইনিংস ব্যবধানে পরাজয় এড়ানোর জন্য দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ২৬০ রান। কিন্তু জশ হ্যাজেলউডের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ২১৮ রানেই থেমে গেছে ইংল্যান্ডের ইনিংস। অস্ট্রেলিয়া পেয়েছে ইনিংস ও ৪১ রানের বিশাল জয়। দুই ম্যাচ বাকি থাকতেই জিতে নিয়েছে অ্যাশেজ সিরিজ।
পার্থে অ্যাশেজ সিরিজের তৃতীয় ম্যাচে শুরুতে ব্যাটিং করে ইংল্যান্ড সংগ্রহ করেছিল ৪০৩ রান। জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক স্মিথের দ্বিশতক ও মার্শের শতকে ভর করে অস্ট্রেলিয়া সংগ্রহ করেছিল ৬৬২ রান। ২৫৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরুর পর বড় কোনো জুটিই গড়ে তুলতে পারেননি ইংল্যান্ডের ব্যাটসম্যানরা।
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৫৫ রানের ইনিংসটি খেলেছেন জেমস ভিনস। ৫৪ রান এসেছে দাওয়িদ মালানের ব্যাট থেকে। আর কেউই সেভাবে জ্বলে উঠতে পারেননি। ফলে শেষ পর্যন্ত ২১৮ রানেই গুটিয়ে গেছে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস।
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার পক্ষে দারুণ বোলিং করে পাঁচটি উইকেট নিয়েছেন জশ হ্যাজেলউড। দুটি করে উইকেট গেছে প্যাট কামিন্স ও নাথান লায়নের ঝুলিতে। একটি উইকেট পেয়েছেন মিচেল স্টার্ক।

স্পোর্টস ডেস্ক