দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই গোলশূন্য
লড়াইটা অনেকটাই মর্যাদার। কারণ শিরোপা আগেই নিশ্চিত করে ফেলেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই মর্যাদার লাড়াইয়ে কেউ জিতেনি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়েছে।
এই ড্রয়ের ফলে ২০ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকেই লিগ শেষ করেছে মোহামেডান। আর আবাহনী এক ম্যাচ কম খেলে ৩৫ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।
দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই লড়াইয়ে অবশ্য আবাহনী তূলনামূলক প্রধান্যবিস্তার করে খেলেছে। ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যেতে পারত তারা। মিডফিল্ডার মিশুক মিয়া জনির ক্রসে স্ট্রাইকার জুয়েল রানার হেড মোহামেডান গোলরক্ষক প্রতিহত না করলে গোল হতেও পারত।
বিরতির পর সাত মিনিটে মোহামেডানও এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ হাতছাড়া করে। ঐতিহ্যবাহী দলটির গিনির স্ট্রাইকার ইসমাইল বাঙ্গুরা বল নিয়ে বক্সে ঢুকেই দুর্দান্ত শট ক্রসবার ঘেঁষে বাইরে না গেলে গোল হতেও পারত।
পরে অবশ্য বেশির ভাগ সময় বল দখলে রেখেছে আবাহনী। সে ধারাবাহিকতায় তারা বেশ কয়েকটি সুযোগও তৈরি করে। কিন্তু মোহামেডানের রক্ষণভাগ ভেদ করে কাজে লাগতে পারেনি কোনো সুযোগই।

ক্রীড়া প্রতিবেদক