চলে গেলেন অস্ট্রেলিয়ার ‘অদম্য’ ওপেনার
ওভালে চলছে এবারের অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট। ৬৭ বছর আগে এই ওভালে, অ্যাশেজ সিরিজের পঞ্চম ম্যাচে স্যার ডন ব্রাডম্যান খেলেছিলেন নিজের শেষ ইনিংস। আউট হয়েছিলেন শূন্য রানে। সেটাই স্মরণীয় হয়ে আছে ক্রিকেটবিশ্বে। এই ম্যাচেই ১৯৬ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন ওপেনার আর্থার মরিস। ব্রাডম্যানদের ‘অদম্য’ অস্ট্রেলিয়া দলের অন্যতম প্রধান এই সদস্য মারা গেছেন ৯৩ বছর বয়সে।
১৯৪৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর মরিস খেলেছিলেন ৪৬টি টেস্ট। ৪৬.৪৮ গড়ে সংগ্রহ করেছিলেন ৩,৫৩৩ রান। ২০০০ সালে অস্ট্রেলিয়ার শতাব্দীর সেরা দলেও নাম উঠেছিল এই বাঁহাতি ওপেনারের। ১৯৪৮ সালের ইংল্যান্ড সফরে সত্যিই মরিস ছিলেন অদম্য। সেবার একবারও তাঁকে আউট করতে পারেননি ইংলিশ বোলাররা। কিংবদন্তি এই ব্যাটসম্যানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান ওয়ালি এডওয়ার্ড শনিবার এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা আমাদের অতীতের সঙ্গে সম্পর্কযুক্ত এক গৌরবময় অধ্যায় হারালাম। আর্থার মরিস ছিলেন একজন দারুণ ব্যক্তি। তিনি এমন একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার, যাঁর স্মৃতি জড়িয়ে আছে ক্রিকেটের একটা অসাধারণ অধ্যায়ের সঙ্গে। অস্ট্রেলিয়ার সেরা ওপেনারদের কথা আলোচনা করতে গেলে সবার আগে তাঁর নামটাই আসবে।’
অস্ট্রেলিয়ার সেই স্বর্ণালি প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে মরিসই ছিলেন সবচেয়ে বেশিদিন বেঁচে থাকা মানুষ। ১৯৪৮ সালের সেই ইংল্যান্ড সফরে যাঁরা গিয়েছিলেন, তাঁদের মধ্যে এখন আর মাত্র একজনই বেঁচে আছেন। ৮৬ বছর বয়সী নেইল হার্ভে।

স্পোর্টস ডেস্ক