মাত্র ৩০ রানে অলআউট বাংলাদেশের মেয়েরা!
পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেসে গিয়েছিল। তবে অতিথি দলটির বিপক্ষে কক্সবাজারে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শোচনীয়ভাবে হেরেছে বাংলাদেশের মেয়েরা। আজ মঙ্গলবার শেখ কামাল স্টেডিয়ামে পাকিস্তানের দেওয়া ৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে স্বাগতিক মেয়েরা। জবাবে মাত্র ৩০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ নারী ক্রিকেট দল।
টসে জিতে প্রথমেই পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। সিদ্ধান্ত যে একেবারেই ভুল ছিল না, বাংলাদেশের মেয়েরা সেটিই প্রমাণ করেছেন। আউটফিল্ড ভেজা থাকার কারণে খেলা দুই দলের জন্য মাত্র ১৪ ওভার করে নির্ধারিত হয়। নির্ধারিত ওভারের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করতে সমর্থ হয় পাকিস্তানের মেয়েরা। বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার দুটি এবং লতা মণ্ডল ও জাহানারা আলম একটি করে উইকেট পান।
তবে পরের ইনিংসে একই ফাঁদে পড়ে বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানি বোলারদের দাপটে মাত্র ৩০ রানে গুটিয়ে যায় তাঁরা। দুই অঙ্কের কোটায় পৌঁছাতে পারেননি কেউই। দলের হয়ে সর্বোচ্চ ৯ রান করেছেন রুমানা আহমেদ এবং ৬ রান করেছেন নিগার সুলতানা।
পাকিস্তানের হয়ে আনাম আমিন তিনটি এবং আইমান আনোয়ার, নাসরা সান্ধু এবং নাইদা দার পেয়েছেন দুটি করে উইকেট। মাত্র ১২.৫ ওভার ব্যাটিং করে সবকটি উইকেট হারায় বাংলাদেশ।
কিছুদিন আগে প্রমীলা এশিয়া কাপে পাকিস্তান এবং ভারতকে হারিয়ে বিজয়ীর মুকুট পরেছে বাংলাদেশের মেয়েরা। তবে আসন্ন প্রমীলা বিশ্বকাপের আগে পাকিস্তান সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে এমন হার ভাবাবে বিসিবিকে। প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর ভেজা মাঠে স্পিনে ধরা পড়েছে ব্যাটসম্যানদের ব্যাটিং দুর্বলতা। সিরিজ জিততে হলে পরের ম্যাচগুলো জিততে হবে বাংলাদেশকে। এমন ব্যাটিং থেকে বাংলাদেশ বেরিয়ে আসতে পারে কিনা, সেটিই এখন দেখার বিষয়।

স্পোর্টস ডেস্ক