টুইটার-কাণ্ডে সাময়িক নিষিদ্ধ তিন ক্রিকেটার!
ম্যাচ চলাকালীন টুইটার ব্যবহার করে নিষিদ্ধ হয়েছেন সংযুক্ত আরব আমিরাতের তিন ক্রিকেটার। ইমার্জিং কাপ চলাকালীন ‘কোড অব কন্ডাক্ট’ ভেঙে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মাঠের অবকাঠামো সুবিধা নিয়ে সমালোচনা করায় তিন ক্রিকেটারের ওপর আট সপ্তাহের নিষিধাজ্ঞা আরোপ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। অধিনায়ক রোহান মুস্তফা ছাড়াও নিষেধাজ্ঞায় পড়া অন্য ক্রিকেটাররা হলেন আহমেদ রেজা ও রমিজ শেহজাদ।
সম্প্রতি করাচিতে অনুষ্ঠিত ইমার্জিং কাপে হংকংয়ের বিপক্ষে আরব আমিরাতের সেমিতে ওঠার গুরুত্বপূর্ণ ম্যাচে কিছুক্ষণের জন্য বাগড়া দেয় বৃষ্টি। এ সময় বোলিংয়ে থাকা আমিরাতের বিপক্ষে চার উইকেট হারিয়ে ধুঁকছিল হংকং দল। আধাঘণ্টা পরে বৃষ্টি থেমে গেলেও গ্রাউন্ডসম্যানরা মাঠটিকে আর খেলার উপযোগী করতে ব্যর্থ হন। ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় আরব আমিরাত দল। এ সময় আমিরাতের তিন ক্রিকেটার টুইটারে ক্রমাগত ক্ষোভ ঝাড়তে থাকেন।
এ ঘটনা অনুসন্ধান করে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের ডিসিপ্লিনারি কমিটি শৃঙ্খলা ভঙ্গের দায়ে আগামী আট সপ্তাহের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে এই তিন ক্রিকেটারকে। আমিরাত ক্রিকেট বোর্ড এক বিবৃতির মাধ্যমে নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি তিন ক্রিকেটারকে আগামীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে বলেছে।

স্পোর্টস ডেস্ক