‘বিশ্বকাপের দলে তেমন চমক থাকছে না’
হাতে বাকি নেই খুব বেশি সময়। আগামী মে-জুনে বসছে ক্রিকেট বিশ্বকাপ। এই আসরের দল কেমন হবে তা নিয়ে চলছে আলোচনা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান বলেছেন, বাংলাদেশের বিশ্বকাপ দলে তেমন কোনো চমক থাকছে না।
আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করতে পারে বিসিবি। এ সম্পর্কে নাজমুল হাসান বলেন, ‘পরীক্ষিত ক্রিকেটারদের ওপরই আস্থা রাখা হবে। তাই দলে তেমন কোনো চমকের সুযোগ দেখছি না। ১৫ সদস্যের দল ঘোষণা করা হবে, অধিকাংশই চূড়ান্ত।’
কিছুটা ইঙ্গিত দিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘তামিমের পাশাপাশি আরো দুজন ওপেনার রয়েছে এবং তারা হলো লিটন ও সৌম্য। তারপর সাকিব , মুশফিক ও মাহমুদউল্লাহ রয়েছে। আমরা তিনজন পেসার খেলানোর চিন্তা করছি এবং তারা হলেন মাশরাফি, রুবেল এবং মুস্তাফিজ।’
নাজমুল হোসেন আরো বলেন, ‘দুজন অতিরিক্ত পেসার ছাড়া আপনি বিশ্বকাপ খেলতে যেতে পারেন না এবং তারা সম্ভবত তাসকিন এবং সাইফউদ্দিন। স্পিনার মেহেদী হাসান মিরাজ রয়েছে। মিডলঅর্ডারে ব্যাকআপ হিসেবে দুজনকে খুঁজে বের করা প্রয়োজন এবং তাঁরা সম্ভবত সাব্বির ও মিঠুন। সুতরাং নতুনদের জন্য আমি কোনো সুযোগ দেখছি না। ঘরোয়া ক্রিকেটে কয়েকজন ক্রিকেটার ভালো করছে, তবে ঘরোয়া ক্রিকেটের সাথে আন্তর্জাতিক ক্রিকেটের অনেক পার্থক্য।’
এনামুল হক বিজয় এবং ফরহাদ হোসেনসহ কয়েকজন ক্রিকেটার চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ভালো করলেও বিসিবি বসের মতে, বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্তির ক্ষেত্রে তাদের খুবই কম সুযোগ রয়েছে।
বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ব্যাটিং লাইনের সাত নম্বর পজিশন নিয়ে খুবই উদ্বিগ্ন। ব্যাটিং ডিপার্টমেন্টের ভালো ফিনিশারের অভাবে গত দুই-তিন বছরে বাংলাদেশ অনেক ম্যাচ হেরেছে। এ বিষয়ে কথা বলতে গিয়ে বিসিবি সভাপতিকেও বিভ্রান্ত দেখা গেছে।
সভাপতি বলেন, ‘আমাদের সাব্বির, মিরাজ অথবা সাইফুদ্দিন রয়েছে যারা সাত নম্বরে ব্যাট করতে পারে। একই সাথে সৌম্যকেও নিচের দিকে ব্যাট করতে দেখেছি। যদি আমরা তামিমের সাথে লিটনকে দিয়ে ওপেন করাই তাহলে সৌম্যকে সাত নম্বরে খেলানোর কথা বিবেচনা করব।’

স্পোর্টস ডেস্ক