চতুর্থ ম্যাচেও দারুণ উজ্জ্বল মুস্তাফিজ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যাটসম্যানদের জন্য এখন আতঙ্কের নাম মুস্তাফিজুর রহমান। সানরাইজার্স হায়দরাবাদের এই বাংলাদেশি পেসারের বল খেলাটা যেন দিন দিন কষ্টকর হয়ে যাচ্ছে ব্যাটসম্যানদের। তাঁর প্রমাণ দেখা গেল গুজরাট লায়ন্সের বিপক্ষে ব্যক্তিগত চতুর্থ ম্যাচেও।
এই ম্যাচে মুস্তাফিজ চার ওভার বল করে মাত্র ১৯ রান খরচ করে এক উইকেট নিয়েছেন। ব্যক্তিগত তৃতীয় ওভারের পঞ্চম বলে রবীন্দ্র জাদেজাকে বোল্ড করে সাজঘরে ফিরিয়েছেন এই কাটার-মাস্টার।
শুধু একটি উইকেটই নেননি, এ দিনও বেশ মিতব্যয়ীও ছিলেন মুস্তাফিজ। প্রথম ওভারে মাত্র দুই রান খরচ করেন। দ্বিতীয় ওভারে দিয়েছেন ৯ রান। আর তৃতীয় ও চতুর্থ ওভারে চার রান করে দিয়ে দলের অন্যতম সেরা পারফরমার তিনি।
এর আগের তিন ম্যাচেও বেশ মিতব্যয়ী ছিলেন হালের বোলিং সেনসেশন। এর আগে প্রথম ম্যাচে রয়্যল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২৬ রান দিয়ে দুই উইকেট তুলের নেন তিনি। আর কলকতা নাইট রাইডার্সের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ২৯ রানে এবং মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তৃতীয় ম্যাচেও ৩২ রান খরচায় একটি করে উইকেট নেন এই বাঁ-হাতি পেসার।
সাতক্ষীরার এই বোলিং সেনসেশন আইপিএলে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে ৫ উইকেট নিয়েছেন। উইকেট সংগ্রহে এখন তিনি ষষ্ঠ স্থানে।

ক্রীড়া প্রতিবেদক