সেমিফাইনালে যেতে পাকিস্তানের সামনে সর্বশেষ যে সমীকরণ
খেলাধুলায় অনেক অ্যাথলেটই বলে থাকেন- ভাগ্য বলে একটা বিষয় থাকে। পাকিস্তানের জন্য সেই ভাগ্য বারবার সহায় হচ্ছে। যদিও তারা সেটির সদ্ব্যবহার কতটা করতে পারছে সেটি একটি প্রশ্ন। কারণ, টি-টোয়েন্টি বিশ্বকাপে ২ ম্যাচ খেলে কোনো জয় না পেলেও এখনও পাকিস্তানের জন্য বেঁচে আছে সেমিফাইনালের আশা।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে কলম্বোয় নাটকীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। আর তাতেই অক্সিজেন পেয়েছে পাকিস্তান। কিউইরা জিতে গেলে কালই বিদায় ঘণ্টা বেজে যেত পাকিস্তানের। এখন গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সমীকরণ মেলাতে পারলেই মিলবে সেমিফাইনালের টিকিট।
সুপার এইটের দুই নম্বর গ্রুপ থেকে টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। অন্যদিকে, তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে নিউজিল্যান্ড। দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে পাকিস্তান তিনে। তলানিতে থাকা শ্রীলঙ্কা ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাল্লেকেলেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। সেমিফাইনালে যেতে হলে শুধু জিতলেই হবে না, রান রেটের বিশাল ব্যবধানও ঘুচিয়ে দিতে হবে তাদের। পাকিস্তানের বর্তমান রান রেট -০.৪৬১, আর নিউজিল্যান্ডের +১.৩৯০।
সমীকরণ বলছে, এই ম্যাচে পাকিস্তান যদি আগে ব্যাট করে তাহলে শ্রীলঙ্কাকে অন্তত ৬৪ রানের বড় ব্যবধানে হারাতে হবে। আর যদি পরে ব্যাট করে তাহলে ১৩.১ ওভারের মধ্যেই জয় তুলে নিতে হবে পাকিস্তানকে।
এই সমীকরণ মেলাতে পারলেই সেমিফাইনালে খেলবে বাবর আজমরা। অন্যদিকে, বিদায় নিতে হবে নিউজিল্যান্ডকে।

স্পোর্টস ডেস্ক