মুস্তাফিজের জন্য গ্রেটদের উচ্ছ্বাস, বাংলায় টুইট
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তা ইতিহাসই বটে। এর আগে এমন ঘটনা ঘটেইনি, প্রথম ৯ বলে কোনো রান না দিয়ে উইকেট পাওয়া, প্রথম ১২ বলের ১১টিই ডট। তিন ওভার শেষেও নামের পাশে রান মাত্র ৩। আর ব্যক্তিগত শেষ ওভারটায় দিলেন ৬ রান, নিলেন আরো এক উইকেট।
গতকাল শনিবার আইপিএলে এমন সব ঘটনা যিনি ঘটিয়েছেন, তিনি হলেন সানরাইজার্স হায়দরাবাদের বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান।
কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে সে ম্যাচে চার ওভার বোল করে দিয়েছেন মাত্র ৯ রান। উইকেট তুলে নিয়েছেন দুটি। তাই হায়দরাবাদের অফিশিয়াল টুইটারে মুস্তাফিজ সম্পর্কে লেখা হয়েছে, ‘ম্যাজিকাল? মিস্ট্রিয়াস? ম্যাগনিফিসেন্ট?
আসলেও মুস্তাফিজের নামের পাশেই কথাগুলো মানায়। পাঞ্জাব ব্যাটসম্যানদের বিপক্ষে সেদিন তিনি সত্যিই অসাধারণ বোলিং করেছেন। আর এই কারণে পুরো ক্রিকেট বিশ্ব তাঁর প্রশংসায় পঞ্চমুখ।
সে ম্যাচের শেষ ওভারে কাটার-মাস্টার দিয়েছেন ৬ রান। তাই ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার মজা করে বলেছেন, খুবই ‘খরুচে’ বোলিং করে ফেললেন মুস্তাফিজ!

হায়দারাবাদের কোচ টম মুডি মুস্তাফিজের এদিনের পারফরম্যান্সে এতটাই উচ্ছ্বসিত, তাই টুইটারে এই বাঁ-হাতি পেসার সম্পর্কে তিনি লিখেছেন, ‘ফিজের জন্য কেক উদযাপন! ম্যান অব দ্য ম্যাচ হওয়ার জন্য মুস্তাফিজ তোমাকে অভিনন্দন। কী অসাধারণ পারফরম্যান্স!’
হ্যা, আসলেও দুর্দান্ত পারফরম্যান্সের জন্য মুস্তাফিজের জন্য কেক উদযাপন করেছে হায়দরাবাদ। তাঁর মুখে কেক মাখিয়ে দিয়েছেন হায়দরাবাদের মেন্টর ভি ভি এস লক্ষ্মণও।
পরে মুস্তাফিজের একটি ছবি টুইট করে বাংলায় লক্ষ্মণ লিখেছেন, ‘আরো একটি চমৎকার মুস্তাফিজ। খুবই চিত্তাকর্ষক। এটা বজায় রাখো।’

ক্রীড়া প্রতিবেদক