মুস্তাফিজ আমাদের চাপ কমিয়ে দেয় : ভুবনেশ্বর
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রায় প্রতিটি ম্যাচেই উজ্জ্বলতা ছড়াচ্ছেন তিনি। সানরাইজার্স হায়দরাবাদের সাফল্যে অনেকাংশে অবদান রাখছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। তাই দলের কোচ-অধিনায়ক সবাই এই তরুণ পেসারের প্রশংসায় পঞ্চমুখ।
এবার সতীর্থ পেসার ভুবনেশ্বর কুমারও মুস্তাফিজের প্রশংসায় মেতে উঠেছেন। শুধু এখানেই শেষ নয়, মুস্তাফিজের কারণে তাঁদের ওপর চাপ অনেকাংশেই কম যায় বলেও মনে করেন তিনি।
মুস্তাফিজের প্রশংসা করতে গিয়ে ভুবনেশ্বর বলেন, ‘মুস্তাফিজের মতো একজন বোলার দলে থাকা মানে সতীর্থদের ওপর চাপ অনেকাংশে কমে যায়। বিশেষ করে আমি আর নেহরা তাঁর কারণে চাপমুক্ত ক্রিকেট খেলতে পারি।’
আসলেও তাই, মুস্তাফিজ এবারের আইপিএলে খুবই নিয়ন্ত্রিত বোলিং করছেন। আর এই তাঁর কারণে দল যেমন সাফল্য পাচ্ছে, সতীর্থরাও সুবিধা পাচ্ছে।
এবারের আইপিএলে মুস্তাফিজ এখন পর্যন্ত আট ম্যাচ খেলে ১০ উইকেট নিয়েছেন। তা ছাড়া তিন ম্যাচে তিনি দুটি করে উইকেট নেন।
এর আগে আসরে নিজেদের প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে ২৬ রান দিয়ে দুই উইকেট তুলে নেন এই বাঁহাতি পেসার। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ২৯ রানে, মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে তৃতীয় ম্যাচে ৩২ ও গুজরাট লায়নসের বিপক্ষে চতুর্থ ম্যাচে ১৯ রান খরচায় একটি করে উইকেট নেন এই তরুণ পেসার।
এবারের আইপিএলে মুস্তাফিজের সবচেয়ে বড় সাফল্য ছিল কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে নিজের পঞ্চম ম্যাচে। সে ম্যাচে মাত্র ৯ রানে দুটি উইকেট নিয়ে সবার প্রশংসা কুড়িয়েছেন তিনি।
অবশ্য রাইজিং পুনের বিপক্ষে ষষ্ঠ ম্যাচে তিনি ছিলেন উইকেটশূন্য। আর বেঙ্গালুরুর বিপক্ষে সপ্তম ম্যাচে এক উইকেট পেয়েছেন তিনি। আর গুজরাট লায়নসের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ১৭ রানে দুই উইকেট নেন হালের এই আলোচিত বোলার।

ক্রীড়া প্রতিবেদক