দলের জয়ের দিনে উইকেটশূন্য মুস্তাফিজ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এর আগে প্রায় প্রতিটি ম্যাচেই সাফল্য পেয়েছিলেন তিনি। বল হাতে দলকে সাফল্য এনে দেওয়ার পাশাপাশি মুস্তাফিজুর রহমান নিজের ঝুলিকেও করেছেন সমৃদ্ধ। সানরাইজার্স হায়দরাবাদের এই বাংলাদেশি পেসার দলের দশম ম্যাচে ছিলেন উইকেটশূন্য।
মঙ্গলবার রাইজিং পুনের বিপক্ষে ম্যাচে দলের জয়ের দিনে মুস্তাফিজ উইকেটশূন্য থাকলেও বল হাতে যথেষ্টই মিতব্যয়ী ছিলেন। চার ওভার বল করে ২৬ রান খরচ করেছেন এই বাঁহাতি পেসার।
অবশ্য এদিন মুস্তাফিজের দল হায়দরাবাদ জিতেছে ৪ রানে। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে হায়দরাবাদের করা ১৩৭ রানের জবাবে পুনের ইনিংস থেমে যায় ১৩৩ রানে। জয়ের একেবারেই কাছাকাছি এসেও অভীষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে পারেনি মহেন্দ্র সিং ধোনির দল।
এদিনের জয়ের ফলে হায়দরাবাদ ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল। সমান পয়েন্ট নিয়ে তাদের পরেই রয়েছে গুজরাট লায়ন্স। আর পুনে ১১ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে আছে সপ্তম স্থানে।
এদিন উইকেট না পেলেও ১০ ম্যাচে ১৩ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মুস্তাফিজ। কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল ও শেন ওয়াটসন, হায়দরাবাদের ভুবনেশ্বর কুমার ও মুম্বাই ইন্ডিয়ানসের মিচেল ম্যাকক্লেনাগান ১৪ উইকেট করে নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন।

ক্রীড়া প্রতিবেদক