কী হলো সাকিবের কেকেআরের!
আইপিএলের অন্যতম সফল দল, দুবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মাথার ওপরে এখন আশঙ্কার কালো মেঘ। শঙ্কাটা প্লে-অফে খেলা নিয়ে। বৃহস্পতিবার গুজরাট লায়ন্সের কাছে বিধ্বস্ত হওয়া কেকেআর শেষ চারে থাকতে পারবে কি না, তা নিশ্চিত নয়। অনেক দ্বিধা আর সংশয় নিয়ে আগামী রোববার শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল। হেরে গেলে বাদ পড়ার সমূহ আশঙ্কা!
অথচ একটা সময়ে মনে হচ্ছিল, কেকেআরের প্লে-অফে খেলা শুধুই সময়ের ব্যাপার। নাইট রাইডার্সের শুরুটাও হয়েছিল দুর্দান্ত। প্রথম ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসকে মাত্র ৯৮ রানে অলআউট করে ৯ উইকেটের সহজ জয় পেয়েছিল কলকাতার দলটি। পরের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে গেলেও ভেঙে পড়েনি; বরং টানা তিন ম্যাচ জিতে দৃপ্ত ভঙ্গিতে এগিয়ে যাচ্ছিল শেষ চারের পথে।
কিন্তু আইপিএলের অর্ধেক পেরোনোর পর থেকেই কেকেআরের পারফরম্যান্সে ভাটার টান। সর্বশেষ চার ম্যাচে মাত্র একটি জিততে পেরেছে তারা, হেরে গেছে সর্বশেষ দুই ম্যাচেই। এর মধ্যে বৃহস্পতিবার গুজরাট লায়ন্স তাদের হারিয়েছে ৬ উইকেট আর ৩৯ বল হাতে রেখে। এমন বিশাল হারই অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে নাইট রাইডার্সকে।
একসময় ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে বেশ নিশ্চিন্তেই ছিলেন সাকিব-গম্ভীররা। কিন্তু এখন আর তা নেই। টানা দুই ম্যাচ হেরে যাওয়ায় সেই ১৪ পয়েন্টেই আটকে আছে কলকাতা। ১৬ পয়েন্ট করে নিয়ে মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাট লায়ন্সের শেষ চার নিশ্চিতই বলা যায়। গুজরাটের একটি ম্যাচ বাকি থাকলেও হায়দরাবাদের হাতে আছে দুটি ম্যাচ। কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আর মুম্বাই ইন্ডিয়ান্সের সংগ্রহ ১৪ পয়েন্ট। তিনটি দলেরই আর একটি করে ম্যাচ বাকি। ১২ পয়েন্ট নিয়ে এই তিন দলের ঠিক ঘাড়ের ওপর শ্বাস ফেলছে দিল্লি ডেয়ারডেভিলস। দুটো ম্যাচ বাকি থাকায় দিল্লির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
কলকাতাকে তাই শেষ ম্যাচে হায়দরাবাদকে হারাতেই হবে। জিতলে আশা থাকবে, কিন্তু হেরে গেলে প্লে-অফে খেলার সম্ভাবনা শেষই হয়ে যাবে বলা যায়। সাকিবদের জন্য আশার কথা, খেলা হবে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে। অবশ্য আশঙ্কাও আছে একটা। ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র আঘাতে ম্যাচটা পরিত্যক্ত হওয়ার শঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

স্পোর্টস ডেস্ক