টস হেরে ব্যাটিংয়ে মুস্তাফিজরা
ফাইনালে খেলতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। দিল্লির ফিরোজ শাহ কোটলায় এই সমীকরণে প্লে-অফে নিজেদের প্রথম ম্যাচে মোকাবেলায় নামে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স ও মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচে শুরুতে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছেন মুস্তাফিজরা।
অবশ্য এই ম্যাচে কলকাতার হয়ে সাকিব নেই প্রথম একাদশে। টানা চার ম্যাচ পর কলকাতা সাকিবকে একাদশের বাইরে রেখেছে। অবশ্য শেষ তিন ম্যাচে সাকিবের পারফরম্যান্স খুব একটা ভালোও ছিল না।
এবারের আইপিএলে আগেও দুবার মুখোমুখি হয়েছিলেন সাকিব ও মুস্তাফিজের দল। দুটি ম্যাচেই হেরেছেন কাটার মাস্টাররা।
গত রোববার মুস্তাফিজের দল হায়দরাবাদকে হারিয়ে প্লে-অফে জায়গা করে নিয়েছিল সাকিবের দল কলকাতা। পয়েন্ট তালিকায় তারা আছে চতুর্থ স্থানে। তৃতীয় স্থানে আছে হায়দরাবাদ।
গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচেই হায়দরাবাদকে হারের স্বাদ দিয়েছিল কলকাতা। গত এপ্রিলে আইপিএলের অষ্টম ম্যাচে কলকাতা জিতেছিল আট উইকেটের বড় ব্যবধানে। আর গত রোববার সাকিবের দল আবার মুস্তাফিজদের হারিয়েছে ২২ রানে। ফলে এলিমিনেটর ম্যাচের আগেও হয়তো মানসিকভাবে কিছুটা এগিয়েই থাকবেন সাকিবরা।
আইপিএলে এখন পর্যন্ত সাত ইনিংসে ব্যাটিং করে সাকিব করেছেন ১১৪ রান। বল হাতে নিয়েছেন পাঁচটি উইকেট। আর মুস্তাফিজ ১৪ ম্যাচে বোলিং করে নিয়েছেন ১৬টি উইকেট। আইপিএলের এবারের আসরে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় তাঁর নামটি আছে চতুর্থ স্থানে। সবচেয়ে বেশি, ১৯টি উইকেট নিয়েছেন ব্যাঙ্গালোরের যুবেন্দ্র চাহাল।

ক্রীড়া প্রতিবেদক