আজ রাতেই দেশে ফিরছেন মুস্তাফিজ
প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে গিয়ে শিরোপার স্বাদ পেয়েছেন মুস্তাফিজুর রহমান। আইপিএলের সেরা উদীয়মান খেলোয়াড়েরও পুরস্কার পেয়েছেন তিনি। মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দরাবাদ ফাইনালে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৮ রানে হারিয়ে নবম আসরের শিরোপা জিতে নেয়।
হালের বোলিং বিস্ময় মুস্তাফিজ আজ সোমবার রাতে দেশে ফিরছেন। ভারতের ব্যাঙ্গালোর থেকে রওনা হয়ে রাত ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে কাটার মাস্টারের। ৫৫ দিনের দীর্ঘ সফর শেষে দেশে ফিরছেন সাতক্ষীরার এই বোলিং বিস্ময়।
মুস্তাফিজের বড় ভাই মোখলেসুর রহমান এনটিভি অনলাইনকে জানিয়েছেন, ‘সব কিছু ঠিক থাকলে আজ রাতেই দেশে ফিরছে মুস্তাফিজ। আজ সকালে তাঁর সঙ্গে আমার এমনটাই কথা হয়েছে।’
মুস্তাফিজ আইপিএলে ১৬ ম্যাচে ৬১ ওভার বল করেছেন। ৪২১ রান দিয়ে নিয়েছেন ১৭ উইকেট। তার চেয়ে বড় কথা, কমপক্ষে ২০ ওভার বল করা তাঁর ইকোনমি রেট সবচেয়ে কম, ৬.৯০।
শুধু ফাইনালেই নয়, আইপিএল-জুড়েই মুস্তাফিজ ছিলেন ওয়ার্নারের তুরুপের তাস। ভুবনেশ্বর কুমার আর মুস্তাফিজের দুর্দান্ত বোলিং জুটিই যে হায়দরাবাদের শিরোপাজয়ের পেছনে মুখ্য ভূমিকা রেখেছে, তা অস্বীকার করার মতো মানুষ হয়তো কমই পাওয়া যাবে।
অধিনায়ক ওয়ার্নারও প্রশংসায় ভাসিয়েছেন মুস্তাফিজকে। আর মুস্তাফিজকে শুভকামনা জানিয়ে তিনি বলেছেন, ‘মুস্তাফিজ বাংলাদেশের জন্য খুবই প্রতিশ্রুতিশীল খেলোয়াড়। ভুবনেশ্বরের সঙ্গে সে যে রকম অসাধারণ ক্রিকেট খেলেছে, তাতে তাকে কৃতিত্ব দিতেই হবে। আশা করছি, সে সুস্থ থাকবে আর ভবিষ্যতে আরো দুর্দান্ত হয়ে উঠবে।’

ক্রীড়া প্রতিবেদক