‘বিশ্বসেরা বোলার হতে পারবে আমির’
পাঁচ বছরের নিষেধাজ্ঞার শাস্তি কাটিয়ে ক্রিকেটে ফিরেছেন বেশ কিছু দিন হলো। পাকিস্তানের জার্সি গায়ে এশিয়া কাপ আর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেও ফেলেছেন মোহাম্মদ আমির। এবার তাঁর আসল ‘পরীক্ষা’ টেস্ট ক্রিকেট। ইংল্যান্ড সফরে চার টেস্টের সিরিজে পাকিস্তানের পেস আক্রমণের প্রধান অস্ত্র তিনি। অধিনায়ক মিসবাহ-উল-হকের বিশ্বাস, এই সিরিজে ভালো খেলে বিশ্বসেরা হওয়ার পথে একধাপ এগিয়ে যাবেন আমির।
২০১০ সালে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হয়েছিলেন তিনি। কাকতালীয়ভাবে ‘ক্রিকেটের মক্কা’তেই সাদা পোশাকের ক্রিকেটে ফিরতে যাচ্ছেন আমির। আগামী ১৪ জুলাই থেকে লর্ডসে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে তাঁর খেলা প্রায় নিশ্চিত। ইংল্যান্ডে পা দেওয়ার পর প্র্যাকটিসে আমিরের একাগ্রতা আর নিষ্ঠা দেখে মিসবাহ মুগ্ধ। পাকিস্তানের অধিনায়ক বলেছেন, ‘বোলিংয়ের গতি, সুইং আর নিয়ন্ত্রণ দেখলেই আপনি বুঝবেন, সে কতটা দুর্দান্ত। তার পক্ষে এখনো বিশ্বের সেরা বোলার হওয়া সম্ভব।’
নিষিদ্ধ হওয়ার আগে ১৪ টেস্টে ৫১ উইকেট নিয়েছিলেন আমির। মিসবাহর বিশ্বাস, ক্রিকেট-জীবনের দ্বিতীয় ইনিংসে আরো ভালো করা সম্ভব তাঁর পক্ষে, ‘ফেরার পর সে খুব ভালো খেলছে। সে ভালোমতোই জানে সে বেশ চাপের মধ্যে আছে। তবে সে এই চাপ ভালোভাবে মোকাবিলা করতে পারবে।’
আমির আবার নিজেকে চেনানোর সুযোগ পাওয়ায় পাকিস্তানের টেস্ট অধিনায়ক দারুণ খুশি, ‘এখানে (ইংল্যান্ডে) এসে সে দারুণ একটা সুযোগ পেয়েছে। এখানেই সে সমস্যায় পড়েছিল। এখন তাকে পারফর্ম করে, দলের জন্য ভালো খেলে সারা পৃথিবীকে দেখিয়ে দিতে হবে। ভক্তদের মন জয় করার দারুণ সুযোগ তার সামনে।’

স্পোর্টস ডেস্ক