‘বাংলাদেশ থেকে ভালোবাসা নিয়ে এসেছি’
বাঁ কাঁধে অস্ত্রোপচারের পর এখনো হাসপাতালের বিছানায় শুয়ে আছেন মুস্তাফিজুর রহমান। লন্ডনের কেনসিংটনে বুপা ক্রমওয়েল হাসপাতালের গত বৃহস্পতিবার সফল অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচারের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে ফোন করেছেন। এই সময় তাঁর পাশে থাকতে বিসিবি সভাপতি নাজমুল হাসানও লন্ডনে চলে যান।
এবার মুস্তাফিজকে দেখতে লন্ডনের কেনসিংটনে বুপা ক্রমওয়েল হাসপাতালে গিয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ানসের চেয়ারম্যান নাফিসা কামালও। গতকাল শুক্রবার হাসপাতালে গিয়ে এই বাঁহাতি পেসারের পাশে কিছুক্ষণ ছিলেন তিনি।
মুস্তাফিজের পাশে বসে তাঁকে সাহস জুগিয়েছেন তিনি। জানিয়েছেন তাঁর প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার কথাও।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মুস্তাফিজের সঙ্গে ছবি প্রকাশ করে নাফিসা কামাল লিখেছেন, ‘বাংলাদেশ থেকে আমি সব ভালোবাসা আর শুভেচ্ছা নিয়ে এসেছি।’
শল্যবিদ অ্যান্ড্রু ওয়ালেসের অধীনে কাঁধে অস্ত্রোপচারের পর এখন অনেকটাই সুস্থ মুস্তাফিজ। এখন হাসপাতাল ছাড়ার অপেক্ষায় আছেন এই বাঁহাতি পেসার।
গত জুলাইতে সাসেক্সের হয়ে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়েই নতুন করে চোটে আক্রান্ত হন মুস্তাফিজ। তাঁর কাঁধে বাড়তি তরল জমে আছে। তাই তাঁর দীর্ঘ ক্যারিয়ারের কথা চিন্তা করে বিসিবি অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নিয়েছে।
অস্ত্রোপচারের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হতে পারে মুস্তাফিজকে। ধারণা করা হচ্ছে, কমপক্ষে পাঁচ-ছয় মাস খেলতে পারবেন না তিনি। তাই ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ ও ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরের দলে নাও থাকতে পারেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক