১০০ টাকার টিকেট পাঁচগুণ বেশি দামে বিক্রি!
কথা ছিল বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টিকেট নগদ টাকা দিয়ে কেনা যাবে না। টিকেট সংগ্রহ করতে হবে শুধু অনলাইনে। তবে এই সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচের টিকেট কালোবাজারেও বিক্রি হতে দেখা গেছে।
অন্যদিকে টিকেট সংগ্রহ করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অনলাইনে টিকেট বিক্রি প্রক্রিয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা দেখতে আসা দর্শকরা।
১০০ টাকার টিকেট ৫০০ থেকে থেকে ৭০০ টাকায় কিনতে হয়েছে বলে অভিযোগ করেছেন বহু দর্শক।
প্রায় এক বছর পর ঘরের মাটিতে আবারও ক্রিকেট ফিরেছে। তাই এই ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে বেশ আগ্রহ রয়েছে। ফলে সকাল থেকে মিরপুরে জমায়েত হতে শুরু করেন ঢাকা ও ঢাকার বাইরে থেকে আসা দর্শকেরা। কিন্তু অনলাইনে সীমিত সংখ্যক টিকেট বিক্রি হওয়ার কারণে অনেকেই হাতে টিকেট পাননি। মিরপুর স্টেডিয়ামে এসে দর্শকরা দেখতে পেয়েছেন ১০০ টাকার টিকেটও কালোবাজারে বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৭০০ টাকায়। দামাদামি করে কেউ কেউ হয়তো ৩০০ টাকায় কিনতে পেরেছেন। তবে বেশির ভাগই টিকেট কিনেছেন ৫০০ টাকার বেশি দিয়ে।
টেলিভিশনের ক্যামেরার সামনে এক দর্শক বলেন, ‘অনলাইনে ট্রাই করছি। বলছে যে তিনটা দেওয়া হবে। কিন্তু বুকিং হয়ে গেছে। কিন্তু এখন দেখি ব্ল্যাকে ১০০ টাকার টিকেট দিচ্ছে ৪০০ টাকা, ৫০০ টাকা কইরা। এটা দুর্নীতি না?’
১০০ টাকার টিকেট ৫০০ টাকা দিয়ে কিনেছেন জানিয়ে এক ক্রিকেট ভক্ত বলেন, ‘আমাদের ভাড়ার টাকা সব চইল্যা গেছে। এখন আমরা কীভাবে বাড়িতে যাব?’
গত ২২ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায়, বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টিকেট পাওয়া যাবে অনলাইনে বাসের টিকেট কেনার (ই-কমার্স) ওয়েবসাইট সহজ ডটকমে (www.shohoz.com)।
সংবাদ সম্মেলনে বিসিবির বিপণন কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ জানিয়েছিলেন, এবার নগদ টাকা দিয়ে টিকেট কেনা যাবে না। ক্রেডিট কার্ড ও মোবাইল ফোনে অর্থ পরিশোধের মাধ্যমে টিকেট কিনতে হবে। এ জন্য মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র দরকার হবে।
আগামী ২৮ সেপ্টেম্বর ও ১ অক্টোবর বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক