আমিরের দৃষ্টি টি-টোয়েন্টি বিশ্বকাপে
ক্ষণিকের ভুলে দারুণ সম্ভাবনাময় ক্যারিয়ার হুমকির মুখে ফেলে দিয়েছিলেন মোহাম্মদ আমির। ২০১০ সালে ইংল্যান্ড সফরে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে নিষিদ্ধ হয়েছিলেন পাঁচ বছরের জন্য। শাস্তির মেয়াদ শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগ আমিরের সামনে। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার লক্ষ্য পাকিস্তানের এই বাঁহাতি পেসারের।
আমিরের পাঁচ বছরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা এ বছরের ২ সেপ্টেম্বর। তবে তার আগেই অনুমতি পেয়ে গেছেন ঘরোয়া ক্রিকেটে ফেরার। সেখানে দারুণ পারফরম্যান্স আমিরের। গত মাসে প্যাট্রন ট্রফিতে নিয়েছিলেন ২২ উইকেট। গত সোমবার একটি টি-টোয়েন্টি ম্যাচেও দারুণ বোলিং করে নিয়েছেন একটি উইকেট।
২৩ বছর বয়সী আমিরের চোখ এখন আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেছেন, ‘আমি বোলিং ভীষণ উপভোগ করছি। আগামী বছর ভারতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের হয়ে খেলাই আমার লক্ষ্য।’
প্রায় পাঁচ বছর আগে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্ট চলার সময় পাকিস্তানের তৎকালীন অধিনায়ক সালমান বাট, আরেক পেসার মোহাম্মদ আসিফের সঙ্গে আমিরের বিরুদ্ধেও উঠেছিল স্পট ফিক্সিংয়ের অভিযোগ। দোষী প্রমাণিত হওয়ায় সব ধরনের ক্রিকেট থেকে পাঁচ বছর নিষিদ্ধ হওয়া ছাড়াও ছয় মাস ইংল্যান্ডের কিশোর সংশোধনাগারে কাটাতে হয়েছিল তাঁকে।
নিষিদ্ধ হওয়ার আগে ১৪ টেস্টে ৫১টি, ১৫ ওয়ানডেতে ২৫টি ও ১৮ টি-টোয়েন্টি খেলে ২৫টি উইকেট নিয়েছিলেন আমির।

স্পোর্টস ডেস্ক