গোল হজম করায় নিষেধাজ্ঞা-জরিমানা!
খেলার মাঠে ছোটখাটো ভুল তো হরহামেশাই হয়। ইকার ক্যাসিয়াস, জিয়ানলুইজি বুফনের মতো বিশ্বসেরা গোলরক্ষকও ছোট ভুলের মাশুল দিয়ে গোল হজম করেন। তবে একটি ভুলের জন্য উত্তর কোরিয়ার অনূর্ধ্ব-১৬ দলের গোলরক্ষককে এমন শাস্তি দেওয়া হয়েছে, যা দেখলে যে কারোরই চোখ কপালে উঠবে। বাজেভাবে গোল হজম করার জন্য এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে কিশোর গোলরক্ষক জাং পায়েক-হোকে। সেই সঙ্গে জরিমানা করা হয়েছে ১০০০ ডলার।
ঘটনাটি ঘটেছিল গত সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ টুনার্মেন্টে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের সময়। ৪৯ মিনিটের মাথায় লম্বা শট নিয়েছিল উজবেকিস্তানের গোলরক্ষক। সে সময় উত্তর কোরিয়ার গোলরক্ষক জাং বল ক্লিয়ার করার জন্য এগিয়ে এসেছিল অনেকখানি। কিন্তু বলটি তার মাথার ওপর দিয়ে ভেসে গিয়ে জালে জড়িয়ে যায়। দৌড়ে গিয়ে বলটি আটকানোর চেষ্টা করেছিল জাং। কিন্তু দুবার পেছলে পড়ার কারণে শেষরক্ষা হয়নি। এরপর ছয় মিনিটের ব্যবধানে আরো দুটি গোল হজম করতে হয় জাংকে।
ব্যাপারটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে বলে মনে করছে এশিয়ান ফুটবল ফেডারেশন (এএফসি)। এক লিখিত বিবৃতিতে তারা বলেছে, গোলরক্ষক জাং, অনূর্ধ্ব-১৬ দলের প্রধান ইয়াং জং-সু এই ম্যাচটি বিতর্কিত করে তুলেছে। উত্তর কোরিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনকেও ২০ হাজার ডলার জরিমানা করেছে এএফসি। ২০১৮ সালের এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হবে উত্তর কোরিয়াকে। আগামীতেও এমন আচরণ দেখা গেলে আরো বড় শাস্তি দেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছে এএফসি।
অনূর্ধ্ব-১৬ দলের ম্যানেজার ইয়াংকে পাঁচ হাজার ডলার জরিমানা এবং এক বছরের জন্য বরখাস্ত করা হয়েছে। ফলে এই দলের ম্যানেজার ও গোলরক্ষক আগামী বছরের ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অংশ নিতে পারবেন না।
এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল উত্তর কোরিয়া। সেখানে ইরানের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের।

স্পোর্টস ডেস্ক