কারা হচ্ছে সাকিব-মাশরাফিদের নতুন স্পন্সর?
পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার পর বাংলাদেশের ক্রিকেটারদের উদযাপন। ছবি : এএফপি
বিশ্বকাপের ঠিক পরেই ভারতীয় কোম্পানি সাহারার সঙ্গে চুক্তি বাতিল করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য সাময়িকভাবে চুক্তি করা হয়েছিল প্রাণ ফ্রুটোর সঙ্গে। এখন আগামী দুই বছরের জন্য নতুন স্পন্সর চাইছে বিসিবি। ছয়টি প্রতিষ্ঠানের প্রস্তাবও পেয়েছে তারা।
পাকিস্তান সিরিজের জন্য আবেদন করেছিল টপ অব মাইন্ড ও গ্রামীণফোন। সে সময় তিন কোটি টাকার বিনিময়ে স্পন্সরশিপ কিনে নিয়েছিল টপ অব মাইন্ড। এর পর তা বিক্রি করেছিল প্রাণ ফ্রুটোর কাছে।
দুই বছরের স্পন্সরশিপের আবেদন করার জন্য বিসিবি প্রাথমিক মূল্য নির্ধারণ করে দিয়েছে ৩০ কোটি টাকা। পাকিস্তান সিরিজের স্পন্সর হওয়ার জন্য যারা আবেদন করেছিল, তাদের কেউ কেউ এবারও দরপত্র জমা দিয়েছে। তবে সেই ছয়টি কোম্পানির নাম এখনো জানা যায়নি।
সাহারার আগে আট বছর বাংলাদেশ দলের স্পন্সর ছিল গ্রামীণফোন।

স্পোর্টস ডেস্ক