বিশ্বকাপজয়ী বুফনের বর্ণিল অধ্যায়ের সমাপ্তি
ইতালির তো বটেই, সর্বকালের অন্যতম সেরা গোলরক্ষক ধরা হয় জিয়ানলুইজি বুফনকে। ফুটবলে সর্বস্ব নিংড়ে দিয়েছেন। ফুটবলও তাকে দিয়েছে দু’হাত ভরে। তবে, সবাইকেই একদিন থামতে হয়। বুফনও থেমেছেন। ৪৫ বছর বয়সে আজ বুধবার (২ আগস্ট) তুলে রাখলেন গ্লাভসজোভা। কিংবদন্তি এই ফুটবলার অবসর নিয়েছেন সবধরনের ফুটবল থেকে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেই পোস্ট করে জানালেন সেটি।
ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে একটি ভিডিও প্রকাশ করে বুফন লেখেন, ‘এই পর্যন্তই। আপনারা আমাকে সবকিছু দিয়েছেন। আমি আপনাদের সবকিছু দিয়েছি। আমরা একসঙ্গেই সব করেছি।’ আপনারা বলতে বুফন তার দেশ, ক্লাব, ভক্ত সবাইকে বুঝিয়েছেন।
বর্তমান ক্লাব পারমার সঙ্গে ২০২৪ পর্যন্ত চুক্তি থাকলেও ক্লাবকে অনুরোধ করেছেন চুক্তি বাতিলের। কিংবদন্তির অনুরোধ রেখেছে পারমা কর্তৃপক্ষ। ১৯৯৫ সালে সিনিয়র ক্যারিয়ারের শুরুটা ইতালির এই ক্লাব থেকেই করেছিলেন বুফন। এখান থেকেই ইতি টানলেন ২৮ বছরের বর্ণিল খেলোয়াড়ি জীবনের। এর আগে ২০১৮ সালে জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন তিনি।
১৯৯৫ সালে পারমা থেকে যাত্রা শুরু করা বুফন ২০০১ সালে যোগ দেন আরেক ইতালিয়ান ক্লাব জুভেন্তাসে। দীর্ঘ ক্লাব ক্যারিয়ারে জুভেন্তাসের হয়ে সম্ভাব্য সবকিছুই জিতেছেন ২০০৬ সালে ইতালির বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক বুফন। বুফনের ক্যারিয়ারে আক্ষেপ একটিই। দেশের হয়ে বিশ্বকাপ জিতলেও ক্লাব পর্যায়ের সর্বোচ্চ শ্রেষ্ঠত্ব চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেননি কখনও। যদিও, এতে এতটুকু ম্লান হয়নি তার সাফল্য।
বুফনের অবসরে তাকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছে ইতালি জাতীয় দল, জুভেন্তাস ও পারমা। ইতালির জাতীয় দলের অফিসিয়াল ফেসবুক পেজে তারা লেখে, ‘আমাদের নম্বর ওয়ান জিজিকে ধন্যবাদ।’
তাকে শ্রদ্ধা জানিয়ে ভিডিও প্রকাশ করেছে তার সাবেক ক্লাব জুভেন্তাস। সেখানে বুফনের পেনাল্টি সেভের ভিডিওর ক্যাপশনে লেখা, ‘ঠিক এজন্যই জিজি গোটকিপার।’
ইতালির ক্লাব ফুটবলে প্রতিযোগিতামূলক খেলায় সর্বোচ্চ ৬৫৭ ম্যাচে মাঠে নামার রেকর্ড বুফনের দখলে। ইতালির জার্সিতে সর্বোচ্চ ১৭৬ ম্যাচে প্রতিনিধিত্ব করার রেকর্ডটাও তার। সবচেয়ে বেশি ৭৯ ম্যাচে দেশের অধিনায়কত্ব করার অনন্য অর্জনও বুফনেরই।

স্পোর্টস ডেস্ক