ভারত ম্যাচে খেলবেন সাকিব? যা জানাল বিসিবি
ইংল্যান্ডের পর নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপের সেমিতে খেলার স্বপ্ন কিছুটা ফিকে হয়ে আসছে বাংলাদেশের। এমন দুঃসময়ের মাঝে নতুন দুঃসংবাদ দিলেন অধিনায়ক সাকিব আল হাসান। কিউইদের বিপক্ষে ম্যাচে থাই স্ট্রেইনের চোটে পড়েন সাকিব। যার ফলশ্রুতিতে ম্যাচ শেষে তাকে হাসপাতালেও যেতে হয়েছে। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলবেন তো সাকিব?
সাকিবের ইনজুরির চূড়ান্ত রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি। রিপোর্ট পেলে বাকিটা জানা যাবে বলে জানিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। আজ শনিবার (১৪ অক্টোবর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'সাকিবের পেশিতে চিড় ধরা পড়েছে, এখনও রিপোর্ট আসেনি। আশা করি ভারতের বিপক্ষে পরের ম্যাচ খেলতে পারবে।'
জানা গেছে, বাম পায়ের উরুতে চোট লেগেছে সাকিবের। ব্যাটিংয়ের সময়ই চোট অনুভব করেন তিনি। তখন ফিজিও মাঠে গিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে ফের ব্যাটিং শুরু করেন এই তারকা অলরাউন্ডার।
চোট পাওয়ায় সাকিবের ফিল্ডিংয়ে নামা নিয়ে ছিল শঙ্কা। তবে বাংলাদেশের বোলিংয়ের শুরু থেকেই মাঠে ছিলেন তিনি। অবশ্য থাকতে পারেননি ম্যাচের শেষ বল পর্যন্ত। নিজের বোলিংয়ের কোটা শেষ করেই মাঠ ছেড়ে যান। এর আগে বল হাতে ১০ ওভারে ৫৪ রানে নেন এক উইকেট। আর ব্যাট হাতে করেন ৫১ বলে ৪০ রান।

স্পোর্টস ডেস্ক