এশিয়া কাপ
পাওয়ার প্লের হতাশা কাটিয়ে জোড়া সাফল্য পেল বাংলাদেশ
ভারতের ব্যাটিং লাইনআপ বিধ্বংসী, তা কারও অজানা নয়। আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ম্যাচ প্রায় শেষ করে দিয়েছিল ভারত। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশের বিপক্ষে বিধ্বংসী ভারতের দুই ওপেনার শুভমান গিল ও অভিষেক শর্মা। প্রথম ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে তারা তুলেছে ৭২ রান।
তাতে ছেদ ফেলেন রিশাদ হোসেন। ১৯ বলে ২৯ রান করা গিলকে বিদায় করেন রিশাদ। বাউন্ডারি লাইনে ক্যাচ ধরেন তানজিম হাসান সাকিব। ৭৭ রানে ভাঙে ভারতের উদ্বোধনী জুটি।
এক ওভার পর বোলিংয়ে এসে আবারও সাফল্য এনে দেন রিশাদ। নবম ওভারের প্রথম বলে তিনি ফেরান শিভাম দুবেকে। ২ রান করে লং অফে তাওহিদ হৃদয়ের তালুবন্দি হন দুবে। ৮৩ রানে ভারত হারায় দ্বিতীয় উইকেট।
একাদশে চার পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ
গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে চারটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। চোটের কারণে নেই লিটন দাস। তার পরিবর্তে দুই ম্যাচ পরে একাদশে ফিরেছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। স্পিনার শেখ মেহেদির পরিবর্তে একাদশে জায়গা করে নিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।
বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদও। তার পবির্তে এবারের এশিয়া কাপে প্রথমবার জায়গা পেয়েছেন অলারউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। আর পেসার শরিফুল ইসলামের জায়গায় একাদশে ফিরেছেন তানজিম হাসান সাকিব।
বাংলাদেশের একাদশ
জাকের আলী (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।
ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন লিটনের পরিবর্তে অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়া জাকের আলী অনিক।

স্পোর্টস ডেস্ক