সরাসরি চুক্তিতে ঢাকা ক্যাপিটালসে তাসকিন
আগামী ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। টুর্নামেন্টের ১৩তম আসর মাঠে গড়ানোর আর মাত্র মাস খানেক সময় বাকি আছে। ইতোমধ্যে বিপিএলের জন্য পাঁচটি দল চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিপিএলের আগামী আসরের দলগুলোর নাম জানিয়ে দিয়েছে বিসিবি। দলগুলো হলো- ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স।
দলের মালিকানা নিশ্চিত হওয়ার পরই দল গোছানোর কাজও শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ইতোমধ্যে সরাসরি চুক্তিতে দেশের অন্যতম সেরা পেসার তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজিটির একটি সূত্র এ কথা জানিয়েছে। আপাতত তাসকিনের সঙ্গে মৌখিকভাবে কথাবার্তা চূড়ান্ত করে ফেলেছে ঢাকা ক্যাপিটালস।
বিপিএলের সর্বশেষ আসরে আলোচিত দল দুর্বার রাজশাহীর হয়ে খেলেছিলেন তাসকিন। কয়েকটি ম্যাচে অধিনায়কত্বও করেছেন তিনি। তাসকিন অবশ্য এর আগেও ঢাকার ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। তবে তখন ঢাকা ক্যাপিটালস ছিল না। এবারই প্রথম ঢাকা ক্যাপিটালসে দেখা যাবে তাকে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৮৬ ম্যাচ খেলে ২২.২১ গড় ও ৭.৭১ ইকোনমিতে ১০৬ উইকেট শিকার করেছেন এই তারকা।

স্পোর্টস ডেস্ক