এবার একসঙ্গে খেলবেন সাকিব-তাসকিন
লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) এবার একসঙ্গে খেলতে যাচ্ছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। সাকিবের পর এবার সরাসরি চুক্তিতে তাসকিনকেও দলে ভিড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জাফনা কিংস।
এলপিএলের অফিসিয়াল পেজে দেওয়া এক পোস্টে তাসকিনকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফলে এবারের আসরে জাফনার জার্সিতে বাংলাদেশের দুই ক্রিকেটারকে একসঙ্গে দেখা যাবে।
গত দুই মৌসুমে নিলামের মাধ্যমে দল গঠন করা হলেও এবার আবারও ফিরছে ড্রাফট পদ্ধতি। আগামী ১ জুন অনুষ্ঠিত হবে এবারের ড্রাফট। খেলোয়াড় নিবন্ধন শুরু হয়েছে ৮ মে থেকে, যা ২০ মে পর্যন্ত চলেছে। নতুন নিয়ম অনুযায়ী, কোনো দল আগের মৌসুমের খেলোয়াড় ধরে রাখতে পারবে না। প্রতিটি দলকে ন্যূনতম ১৮ জন এবং সর্বোচ্চ ২০ জন ক্রিকেটার নিয়ে স্কোয়াড গঠন করতে হবে।
এছাড়া, প্রত্যেক দলে অন্তত দুইজন স্থানীয় অনূর্ধ্ব-২৩ উদীয়মান ক্রিকেটার রাখতে হবে। তাদের মধ্যে একজনকে একাদশেও খেলানো বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে প্রতি ম্যাচের একাদশে চারজন বিদেশি ক্রিকেটার রাখাও বাধ্যতামূলক।
আগামী ১৭ জুলাই মাঠে গড়াবে এবারের এলপিএল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন জাফনা কিংস ও রানার্সআপ গল। ৮ আগস্ট অনুষ্ঠিত হবে ফাইনাল। বৃষ্টিসহ অন্য কোনো কারণে ফাইনাল বাধাগ্রস্ত হলে ৯ আগস্ট রাখা হয়েছে রিজার্ভ ডে।

স্পোর্টস ডেস্ক