আর্জেন্টিনাকে ‘মধুর খোঁচা’ স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়কের
বিশ্বকাপ ফাইনালের বাকি আছে তিনদিন। এর আগে শুরু হয়েছে কথার লড়াই। সেই লড়াইয়ে আর্জেন্টিনাকে খোঁচা দেওয়ার সুযোগ ছাড়েননি স্পেনের কিংবদন্তি গোলরক্ষক ও ২০১০ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইকার ক্যাসিয়াস। তার দৃঢ় বিশ্বাস, এবার চতুর্থ বিশ্বকাপ শিরোপা জিততে পারবে না লিওনেল স্কালোনির দল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ক্যাসিয়াস লেখেন, ‘আর্জেন্টিনা, এবার চতুর্থ তারকাটা পাচ্ছে না। চতুর্থ তারকার কোনো সুযোগই নেই। এবার আমাদের দ্বিতীয় তারকা জয়ের পালা। এগিয়ে যাও স্পেন।’
আগাম ১৯ জুলাই রোববার বাংলাদেশ সময় রাত ১টায় বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জিতলে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের পাশাপাশি ইতিহাসে চতুর্থ শিরোপা ঘরে তুলবে। অন্যদিকে, স্পেন জিতলে ২০১০ সালের পর দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হবে।
বিশ্বকাপের মঞ্চে এর আগে একবারই মুখোমুখি হয়েছিল স্পেন-আর্জেন্টিনা। ১৯৬৬ সালের বিশ্বকাপে দেখা হয় আর্জেন্টিনা ও স্পেনের। গ্রুপ পর্বের সেই ম্যাচে ২-১ গোলের জয় তুলে নেয় আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করেছিলেন লুইস আর্তিমে। স্পেনের হয়ে একমাত্র গোলটি করেছিলেন হোসে পির্রি।
প্রায় ছয় দশক পর আবারও বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে স্পেন ও আর্জেন্টিনা। তবে, দুদলের মুখোমুখি পরিসংখ্যানে কেউ এগিয়ে নেই। ১৪ বারের দেখায় ৬ বার করে জিতেছে আর্জেন্টিনা ও স্পেন, বাকি দুটি ম্যাচ ড্রতে শেষ হয়।
