বাংলাদেশি পেসারদের উন্নতিতে মুগ্ধ ডোনাল্ড
বাংলাদেশ ক্রিকেটে একসময় স্পিনই ছিল মূল শক্তি। ম্যাচ জেতার আশা ঘুরপাক খেত স্পিনারদের ঘিরে। তবে গত কয়েক বছরে সেই চিত্র অনেকটাই বদলে গেছে। এখন জাতীয় দলের পেস আক্রমণই হয়ে উঠেছে বড় ভরসা। আর এই পরিবর্তনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।
বাংলাদেশ দলের সঙ্গে দায়িত্ব শেষ হলেও এখনও দেশের পেসারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন এই দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি। বিশেষ করে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানদের সঙ্গে তার সম্পর্ক এখন অনেকটাই পারিবারিক।
সম্প্রতি এক পডকাস্টে ডোনাল্ড বলেন, ‘আমাদের এখনও একটা গ্রুপ আছে। ২০২৩ সালে ভারতে ক্রিকেট বিশ্বকাপ শেষ হওয়ার পর আমি যখন চলে আসি, তখন বলেছিলাম যে আমি এই গ্রুপটা রিমুভ করব না। তোমাদের যখনই দরকার হবে আমার সাথে যোগাযোগ করার জন্য এটি থাকবে। আমি মাঝেমধ্যেই তোমাদের খোঁজখবর নেব। তো তারা সবাই সেখানে আছে।’
ডোনাল্ড যোগ করেন, ‘এই ৩-৪ বছর সময় ধরে এই গ্রুপটা যেভাবে বড় হয়েছে, তা দেখা সত্যিই দারুণ এক অনুভূতি। এটা দেখা চমৎকার, আর তাসকিন আহমেদ বেশ ভালোভাবে এর নেতৃত্ব দিচ্ছে। আমাদের এখনও কথা হয়। আমি মাঝেমধ্যে ওদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলি। সাধারণ বিষয়, স্বাস্থ্য এবং পরিবার নিয়ে আমাদের ভিডিওতেও কথা হয়। বাংলাদেশের তরুণদের একটা বিষয় আমাকে সত্যিই ছুঁয়ে গেছে, তা হলো তারা কতটা আন্তরিক এবং পারিবারিক মূল্যবোধসম্পন্ন।’
সাম্প্রতিক সময়ে দেশের মাটিতে পেস সহায়ক উইকেট তৈরির চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার প্রভাব দেখা গেছে সদ্য শেষ হওয়া পাকিস্তান সিরিজে। সেখানে বাংলাদেশের পেসাররা দারুণ পারফর্ম করেছেন।
লাল বলের ক্রিকেটে বাংলাদেশের পেসারদের উন্নতিতে সন্তুষ্ট ডোনাল্ড মনে করেন, ‘একজন বোলারকে প্রকৃত উচ্চতায় নিয়ে যেতে পারে টেস্ট ক্রিকেটই। সাদা বলের ক্রিকেটে ভুলের সুযোগ খুব কম। সেখানে সবকিছু নির্ভর করে নিখুঁত দক্ষতার ওপর। টেস্ট ক্রিকেটে একজন বোলার নিজের সামর্থ্য সত্যিকার অর্থে প্রমাণ করার সুযোগ পায়।’

স্পোর্টস ডেস্ক