নোয়াখালীকে ১৭৫ রানের লক্ষ্য দিল চট্টগ্রাম
সব বাধা ঠেলে বিপিএলে অংশ নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার ম্যাচে মাঠে নেমেছে তারা। প্রতিপক্ষ নবাগত নোয়াখালী এক্সপ্রেস। টস জিতে ব্যাটিং বেছে নেওয়া চট্টগ্রাম ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তুলেছে ১৭৪ রান।
উদ্বোধনী জুটিতে ভালো শুরু এনে দিতে পারেনি চট্টলার ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার নাঈম শেখ বিদায় নেন দলীয় ২৯ রানে। মেহেদি হাসান রানার শিকার হওয়ার আগে দুই চারে ১১ বলে ১১ করেন নাঈম।
ওয়ানডাউনে নামা মাহফিজুল ইসলামের ব্যাট থেকে আসে ১২ বলে ১৬ রান। তাকে বোল্ড করেন মাজ সাদাকাত। ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি মাহমুদুল হাসান জয়ও। জহির খানকে উইকেট বিলানোর আগে ১২ বলে ১৭ করেন তিনি।
চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদি হাসান অবশ্য ইঙ্গিত দিয়েছিলেন বড় ইনিংসের। ১৩ বলে তিনটি চার ও একটি ছক্কায় ২৬ রান করা মেহেদিকে থামান সাব্বির হোসেন। আবু হায়দার রনিকেও নিজের শিকার বানান সাব্বির। রনির ব্যাট থেকে আসে ৪ রান।
এক প্রান্তে যখন নিয়মিত উইকেট পড়ছিল, অন্যপ্রান্তে তখন অনড় মির্জা বেগ। চট্টগ্রামের ইনিংস একাই টেনে নেন তিনি। স্রোতের বিপরীতে খেলা বেগ আউট হন ইনিংসের শেষ বলে। হাসান মাহমুদের ডেলিভারিতে লেগবিফোরি হওয়া বেগ ৬৯ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৮০ রান করেন।
নোয়াখালীর পক্ষে এক ওভার বল করে ৯ রানে ২ উইকেট নেন সাব্বির। একটি করে উইকেট পান হাসান, রানা, জহির ও সাদাকাত।
সংক্ষিপ্ত স্কোর
চট্টগ্রাম রয়্যালস : ২০ ওভারে ১৭৪/৬ (বেগ ৮০, নাঈম ১১, মাহফিজুল ১৬, জয় ১৭, মেহেদি ২৬, রনি ৪, জিয়াউর ৬*; হাসান ৪-০-২৫-১ , রানা ৪-০-২৯-১, ইহসানউল্লাহ ৩-০-৪০-০, জহির ৪-০-৩৫-১, সাদাকাত ৪-০-৩১-১, সাব্বির ১-০-৯-২)

স্পোর্টস ডেস্ক