ইসাখিলের সেঞ্চুরিতে রংপুরকে বড় লক্ষ্য দিল নোয়াখালী
নিজের বিপিএল অভিষেক ম্যাচে সেঞ্চুরির কাছে গিয়ে ফিরেছিলেন হাসান ইসাখিল। বাবার পরামর্শ না শুনে দলের জন্য রান বাড়াতে গিয়ে ফিরেছিলেন তিনি। সেই আক্ষেপ পূরণ করলেন এবার। দারুণ এক সেঞ্চুরিতে নোয়াখালী এক্সপ্রেসকে বড় রানের পুঁজি এনে দিলেন।
আজ শুক্রবার (১৮ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করেছে নোয়াখালী।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মন্দ ছিল না। তবে দলীয় রান ৩০-এর ঘরে যাওয়ার পর ৪ রানের ব্যবধানে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপ বাড়িয়েছিল নোয়াখালী। দ্রুতই ফিরে যান রহমত আলী (১০ বলে ৯) আর জাকের আলী (৭ বলে ৩)।
একপ্রান্ত আগলে রাখা হাসান ইসাখিল এরপর জুটি বাঁধেন অধিনায়ক হায়দার আলীর সঙ্গে। তৃতীয় উইকেটে তাদের সেই জুটি রংপুর রাইডার্সের তৈরি করা চাপ কাটিয়ে ওঠে।
দুজন মিলে গড়েন ৭৪ বলে ১৩৭ রানের জুটি। হাফসেঞ্চুরি তুলে নিয়ে কিছুটা ধীরগতিতে খেলা হাসান ইসাখিল শেষদিকে আবারও ঝড়ো ব্যাটিং শুরু করেন। এতে তুলে নেন চলমান বিপিএলের দ্বিতীয় আর নিজের প্রথম সেঞ্চুরি।
শেষ পর্যন্ত হাসান অপরাজিত থাকেন ৭২ বলে ১০৭ রানে। তার ইনিংসটি সাজানো ছিল ৪ চার আর ১১ ছক্কায়। অন্যদিকে, ৩২ বলে ৪২ রানে অপরাজিত ছিলেন হায়দার আলী।
সংক্ষিপ্ত স্কোর
নোয়াখালী এক্সপ্রেস : ২০ ওভারে ১৭৩/২ (রহমত ৯, জাকের ৩, ইসাখিল ১০৭, হায়দার ৪২; ফাহিম ৪-০-৩৩-০, আকিফ ৪-০-৫৩-০, নাহিদ ৪-০-৪০-১, আলিস ৪-০-২২-১, খুশদিল ৪-০-২২-০)

স্পোর্টস ডেস্ক