বিশ্বকাপে সুযোগ পেয়েও বিপাকে স্কটল্যান্ড
নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল পাঠাতে রাজি হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আবেদন করেছিল বিসিবি। সেই আবেদন প্রত্যাখ্যান করে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে ডেকেছে আইসিসি। তবে বিশ্বকাপে সুযোগও পেয়েও বিপাকে পড়তে হচ্ছে স্কটিশদের।
বিশ্বকাপে সুযোগ পাওয়ার পর ১৫ সদস্যের দল ঘোষণা করেছে স্কটল্যান্ড। সেই দলে আছেন পাকিস্তানি বংশোদ্ভূত পেসার সাফিয়ান শরীফ। জানা গেছে, এই সপ্তাহের শেষ দিকে ভারতের উদ্দেশ্যে বিমান ধরবে স্কটল্যান্ড। কিন্তু দলের সঙ্গে আসা নিশ্চিত নয় সাফিয়ান শরীফের।
গত বছর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক নতুন মাত্রা নিয়েছে। দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের কারণে পাকিস্তানি নাগরিক কিংবা পাকিস্তানি বংশোদ্ভূতদের জন্য ভারতীয় ভিসা পেতে নিয়মিতভাবেই বিলম্ব হচ্ছে। আসন্ন বিশ্বকাপেও সেটি দেখা গেছে।
শুরুতে ভিসা আবেদন বাতিল করা হয় যুক্তরাষ্ট্রের স্কোয়াডে থাকা পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের। বাকি দলগুলোকেও ভিসা পেতে অপেক্ষা করতে হয়েছে অন্যদের চেয়ে বেশি সময়। একই অবস্থা তৈরি হয়েছে স্কটল্যান্ডের পাকিস্তানি বংশোদ্ভূত পেসার সাফিয়ান শরীফের ক্ষেত্রেও।
সময়মতো সাফিয়ান শরীফের ভিসা পাওয়ার বিষয়ে অবশ্য আশাবাদী স্কটল্যান্ড। ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড বলেন, ‘আমরা সবাই আইসিসির সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেন এটি করা সম্ভব হয়। ভিসার বিষয়টা সব সময়ই কিছুটা অনিশ্চয়তা থাকে এবং সময় সীমা—তিন দিন হোক বা ৪৫ দিন, তাতে কোনো প্রভাব পড়ে না।’
ট্রুড লিন্ডব্লেন্ড আরও বলেন, ‘(আইসিসি) আমাদের কেবল সেই বিষয়গুলোর নিশ্চয়তা দিতে পারে, যেগুলো তাদের নিয়ন্ত্রণের মধ্যে। আর অবশ্যই যেসব বিষয় তারা নিয়ন্ত্রণ করছে, সেই বিষয়ে আমরা তাদের সঙ্গে কাজ করছি এবং স্পষ্টতই তারা সেখানে স্থানীয় কর্তৃপক্ষ ও বিসিসিআইর সঙ্গে কাজ করছে, যাতে আমরা আমাদের প্রয়োজনীয় সব সহায়তা পেতে পারি।’
সাফিয়ান শরীফের বাবা পাকিস্তানি আর মা ব্রিটিশ–পাকিস্তানি। ১৯৯১ সালে হাডার্সফিল্ডে জন্ম তার। এরপর সাত বছর বয়সে স্কটল্যান্ডে পাড়ি জমান সাফিয়ান শরীফ।
স্কটল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড
রিচি বেরিংটন (অধিনায়ক), টম ব্রুস, ম্যাথু ক্রস, ব্র্যাড কারি,ওলি ডেভিডসন, ক্রিস গ্রিভস, জাইনুল্লাহ ইহসান, মাইকেল জোন্স, মাইকেল লিস্ক,ফিনলে ম্যাকক্রিথ, ব্র্যান্ডন ম্যাকমুলেন, জর্জ মানসি, সাফিয়ান শরীফ, মার্ক ওয়াট, ব্র্যাড হুইল। ট্রাভেলিং রিজার্ভ: জ্যাসপার ডেভিডসন, জ্যাক জার্ভিস।
নন–ট্রাভেলিং রিজার্ভ: ম্যাককেঞ্জি জোন্স, ক্রিস ম্যাকব্রাইড ও চার্লি টিয়ার।

স্পোর্টস ডেস্ক