৭ বছরের অপেক্ষা ফুরোলো পাকিস্তানের
পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা এখনো ঝুলে আছে। তবুও নিজেদের প্রস্তুত করতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলছে পাকিস্তান। এই সিরিজ দিয়ে সাত বছরের অপেক্ষার অবসান হলো তাদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে দীর্ঘ জয় খরা কাটাল পাকিস্তান। ২০১৮ সালের পর অজিদের বিপক্ষে এই ফরম্যাটে জয় পেল ম্যান ইন গ্রিনরা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনগত রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ২২ রানে হারিয়েছে সালমান আলি আগার দল।
ঘরের মাঠে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তবে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা; ইনিংসের প্রথম বলেই শূন্য রানে বিদায় নেন ওপেনার সাহিবজাদা ফারহান। সেই ধাক্কা সামলে দলকে টেনে তোলেন সাইম আইয়ুব ও অধিনায়ক সালমান আলি আগা। সাইম ২২ বলে ৪০ এবং সালমান ৩৯ রান করেন।
একপর্যায়ে পাকিস্তানের রানরেট ১০-এর কাছাকাছি থাকলেও পরের ব্যাটাররা দ্রুত রান তুলতে পারেননি। বাবর আজম ২০ বলে ২৪ ও উসমান খান ১৮ রান করলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে পাকিস্তান।
১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া উড়ন্ত সূচনা করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। ওপেনার ট্রাভিস হেড ১৩ বলে ২৩ রান করে ঝড়ের ইঙ্গিত দিলেও বেশিক্ষণ টিকতে পারেননি। মিডল অর্ডারে ক্যামেরন গ্রিনের ৩৬ রান ছাড়া আর কেউ তেমন প্রতিরোধ গড়তে পারেননি।
শেষদিকে বোলার হ্যাভিয়ের বার্টলেট ৩০ রান করে কেবল হারের ব্যবধানই কমিয়েছেন। পুরো ২০ ওভার খেলে ১৪৬ রানেই থেমে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।
ব্যাট হাতে ৪০ রান এবং বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সাইম আইয়ুব। স্পিনার আবরার আহমেদও নিয়েছেন ২ উইকেট।

স্পোর্টস ডেস্ক