বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া
আর মাত্র সপ্তাহ খানেক বাকি আছে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা ওঠার। এর আগে বড় এক ধাক্কা খেল অস্ট্রেলিয়া। পিঠের পুরোনো ইনজুরি কাটিয়ে উঠতে না পারায় দল থেকে ছিটকে গেছেন তারকা পেসার প্যাট কামিন্স।
গত বছরের জুলাই মাসে পিঠের ইনজুরিতে পড়েছিলেন কামিন্স। এরপর অনেকটা সময় মাঠের বাইরে থেকে অ্যাশেজের একটি টেস্টে খেলেছিলেন। ৬ উইকেট নিয়ে নিজের সামর্থ্য দেখালেও ঝুঁকি এড়াতে তাঁকে আবারও বিশ্রামে পাঠানো হয়। আশা করা হয়েছিল, বিশ্বকাপের আগেই তিনি পুরোপুরি ফিট হয়ে উঠবেন।
তবে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, কামিন্সের সুস্থ হতে আরও সময় প্রয়োজন। ফলে ঝুঁকি না নিয়ে তাঁকে বিশ্বকাপ দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কামিন্সের জায়গায় দলে ডাক পেয়েছেন ৩১ বছর বয়সী পেসার বেন ডারউইশ।
শুধু কামিন্সই নন, অসি স্কোয়াডে পরিবর্তন এসেছে আরও একটি। অফফর্মে থাকা ওপেনার ম্যাথু শর্টকে বাদ দিয়ে দলে নেওয়া হয়েছে ম্যাট রেনশকে। তবে বিগ ব্যাশে দারুণ ছন্দে থাকা অভিজ্ঞ স্টিভেন স্মিথের ভাগ্য এবারও খোলেনি; চূড়ান্ত দলে জায়গা পাননি তিনি।
ইনজুরি কাটিয়ে ফেরা জশ হ্যাজলউড, টিম ডেভিড ও নাথান এলিসকে নিয়ে অবশ্য দুশ্চিন্তা নেই; তাঁরা বিশ্বকাপের জন্য পুরোপুরি ফিট।
অসি নির্বাচক টনি ডোডেমেইড বলেন, ‘প্যাট কামিন্সের জায়গায় বেন ডারউইশ আমাদের ভালো বিকল্প। সে বাঁ-হাতি পেস করার পাশাপাশি টেল-এন্ডারে ব্যাটিংটাও চালিয়ে নিতে পারে। অন্যদিকে ম্যাট রেনশ মাঝের ওভারগুলোতে ব্যাটিংয়ে ভারসাম্য আনবে। বিশেষ করে শ্রীলঙ্কার স্পিন সহায়ক উইকেটে সে দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।’
অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের দলে জশ ইংলিসই একমাত্র বিশেষজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার। তবে ব্যাক-আপ হিসেবে দলের কোচিং স্টাফের সঙ্গে থাকছেন সদ্য অবসর নেওয়া ম্যাথু ওয়েড।
জানা গেছে, জরুরি প্রয়োজনে ওয়েড যেন গ্লাভস হাতে মাঠে নামতে পারেন, সে জন্য তিনি নিজের খেলার সরঞ্জামও সঙ্গে রাখবেন। এ ছাড়া দলের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকেও নামমাত্র রিজার্ভ কিপার হিসেবে রাখা হয়েছে।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের লড়াই। কামিন্সকে ছাড়াই শিরোপা পুনরুদ্ধারের মিশনে নামতে হবে মিচেল মার্শের দলকে।
অস্ট্রেলিয়ার স্কোয়াড
মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, কুপার কনলি, টিম ডেভিড, বেন ডারউইশ, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাট কুনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট রেনশ, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা

স্পোর্টস ডেস্ক