বিশ্বকাপের আগে আবারও দুঃসংবাদ অস্ট্রেলিয়া শিবিরে
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে আগেই ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্স। সেই ধাক্কা সামাল দেওয়ার আগে আবারও দুঃসংবাদ অসি শিবিরে। চোটের কারণে আরেক অভিজ্ঞ পেসার জশ হ্যাজেলউডকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের শুরুর অংশ মিস করবেন তিনি।
হ্যামস্ট্রিং ও অ্যাকিলিস চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় সিডনিতেই অবস্থান করছেন ৩৫ বছর বয়সী হ্যাজেলউড। গত নভেম্বর থেকে মাঠের বাইরে থাকা এই পেসারকে দলের সঙ্গে শ্রীলঙ্কা না পাঠিয়ে ঘরের পরিচিত পরিবেশে পুনর্বাসন চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন নির্বাচকরা।
হ্যাজেলউডের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বোলিং বিভাগ বেশ সংকটে পড়েছে। কামিন্সের পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে বাঁহাতি পেসার বেন ডোয়ারশুইসকে। অন্যদিকে, হ্যাজেলউডের ব্যাকআপ হিসেবে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলের সঙ্গে থাকছেন শন অ্যাবট।
অস্ট্রেলিয়ার জন্য বর্তমান পরিস্থিতি বেশ উদ্বেগজনক। বিশ্বকাপের ঠিক আগে পাকিস্তানের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে তারা। সব মিলিয়ে শেষ পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে জয়ের মুখ দেখেনি দলটি। এরমধ্যে কিছুটা স্বস্তির খবর, পাকিস্তান সিরিজে বিশ্রামে থাকা গ্লেন ম্যাক্সওয়েল, টিম ডেভিড ও নাথান এলিস দলের সঙ্গে যোগ দিয়েছেন।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অস্ট্রেলিয়া গ্রুপ পর্বে খেলবে শ্রীলঙ্কায়। তারা আছে ‘বি’ গ্রুপে। ১১ ফেব্রুয়ারি কলম্বোতে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু হবে। গ্রুপে তাদের অন্য তিন প্রতিপক্ষ—স্বাগতিক শ্রীলঙ্কা, ওমান ও জিম্বাবুয়ে।

স্পোর্টস ডেস্ক